‘কেন আগুনে ঝাঁপ দিবে’
‘বিনোদিনী গো, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি গো...আমি না শুনিয়া না বুঝিয়া গো বিনোদিনী কেন আগুনে ঝাঁপ দিবে...’—বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের প্রজেক্টরে দেখা যাচ্ছে সংগীতশিল্পী পণ্ডিত রামকানাই দাশের নানা মুহূর্ত। আর ওই সব দৃশ্যের সঙ্গে যেন সংগত করছে রামকানাইয়ের গলায় ধারণকৃত গান—এই প্রথিতযশা সংগীতজ্ঞের জীবনের খেরোখাতা উঠে এল তাঁর ওপর নির্মিত কয়েক মিনিটের তথ্যচিত্রে। ওদিকে আমাদের মনে প্রশ্ন, এই যে সারা জীবন সংগীতের পেছনে ছোটা, এ কি আগুনে ঝাঁপ দেওয়া?তথ্যচিত্র দেখা শেষে আমরা উত্তরের অপেক্ষা করছি। ততক্ষণে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা-২০১৩ প্রাপ্ত শিল্পীর নাম ঘোষণা হয়েছে—রামকানাই দাশ। সংগীতশিল্পী রামকানাই দাশকে সঙ্গে নিয়ে মঞ্চে এসেছেন আরেক সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।মিলনায়তনভর্তি দর্শক তখন দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে শিল্পীকে। উত্তরীয় পরানোর পর তাঁর হাতে এক লাখ টাকার চেক ও ক্রেস্টটি যখন তুলে দেওয়া হলো, তখনো রামকানাই দাশের মুখে রাজ্যের বিস্ময়! কেন—সারা জীবন গান গেয়ে আগুনে ঝাঁপ দিয়েছেন বলে?‘আমি যদি আজ থেকে সত্তর বছর আগে চলে যাই, দেখতে পাব, মাঘ মাসের কনকনে শীতে হালকা চাদর গায়ে জড়িয়ে এক বালক হালচাষ করছে। গানের জন্য ঘুরে বেড়াচ্ছে নানা জায়গায়। সত্তর বছর পরে আজ সেই মানুষটিই এই মঞ্চে দাঁড়ানো, সম্মাননা নিচ্ছে!’—রামকানাই দাশের কণ্ঠ ধরে আসছে। এর আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে কথার শুরুতেই তিনি বলেছেন, ‘সাভারের মর্মান্তিক ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। এতগুলো নির্দোষ লোক মারা গেল—আমার মনটা খুব খারাপ।’শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন শিল্পী ফেরদৌসী রহমান। ২০০৮ সালে তিনিও পেয়েছিলেন এই সম্মাননা। এই গুণী শিল্পীর কাছ থেকে সম্মাননা নিতে পেরে রামকানাইয়ের কণ্ঠে যে উচ্ছ্বাস ছিল, উপস্থিত দর্শকদেরও স্পর্শ করেছিল তার ঢেউ, ‘ফেরদৌসী আপার গান কত শুনেছি, তাঁর কাছ থেকে আজ সম্মাননা নিচ্ছি, খুব ভালো লাগছে!’সাভারে আকস্মিক ভবনধসের ঘটনায় অন্য অনেকের মতো সেদিন মন খারাপ ছিল ফেরদৌসী রহমানেরও। সে কথা বলেই তিনি বললেন, ‘সাভারের কারণে আজ অনুষ্ঠানে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এই তারার মেলায় আসতে না পারলেও মন খারাপ হয়। মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা খুবই সম্মানজনক পুরস্কার। রামকানাই দাশকে এটা দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি।’ সাধের বৈরাগী হয়ে গানের মানুষ রামকানাই দাশ সারা জীবন একরকম আগুনেই ঝাঁপ দিয়েছেন। তবে সেই আগুনটি সুরের। তাঁর গলায় লেগে সেই আগুন যেন সোনা হয়ে আছে!