‘কেবল মেঘ বুনছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণকলির নতুন অ্যালবামের গানগুলো প্রথম শুনি একটি এফএম রেডিওতে। তখন থেকেই কানে ভাসতে থাকে, ‘যাও হারাও, একটা বৈশাখী ঝড় আনো...’ কিংবা ‘হাত ধরেছি হাঁটছি পথে’ পঙিক্তগুলো। নিজেরই লেখা গান, তাতে সুর আর কণ্ঠও কৃষ্ণকলির। আলোর পিঠে আঁধার সিডিজুড়ে বৈচিত্র্য, সুর নিয়ে নিরীক্ষা দৃশ্যমান। লোকজ সুরের গান শেষ না হতেই বব মার্লে এসে উঁকি দিয়ে যান ‘চাঁদ খুঁজে খুঁজে’ গানটিতে। ‘নাচো তো কালি’ গানে আমার জানা কৃষ্ণকলির জায়গায় যেন অন্য কেউ—রক আর কীর্তন সেখানে মিলেমিশে একাকার।কথাবার্তায় কৃষ্ণকলি সব সময়ই সপ্রতিভ। এই তো, যখন আমরা ‘গল্প ছিল যখন ছিল এখন কোনো গল্প নাই’ পঙিক্তটি নিয়ে প্রশ্ন তুলি—কেন, এখন কোনো গল্প নেই কেন, তখন বেরিয়ে আসে গল্প না থাকার গল্প। বলতে গিয়ে কৃষ্ণকলি ফিরে যান অতীতে, যখন তিনি থাকতেন খুলনায়। খালিশপুরের পাটের কলগুলো তখনো সচল। রাতে যখন মিল ভাঙত, তখন পাশের বাজারটিতে জ্বলে উঠত বাতি। সাপ্তাহিক বেতন পাওয়া শ্রমিক সেই রাতে বাজার করত, প্রিয় মানুষের জন্য কিনত উপহার। কিন্তু হঠাৎ করেই যখন বন্ধ হয়ে যেতে লাগল একের পর এক কারখানা, তখন কী দুর্দশায়ই না পড়ল শ্রমিক পরিবারগুলো! সেই স্মৃতির প্রভাব আছে গানটিতে। জিজ্ঞেস করি, এই যে সুরের বৈচিত্র্য, তা কি ভেবে ভেবে বের করা?‘না। লিরিকের সঙ্গেই চলে আসে সুর। এটা আরোপ করা নয়। “আলো ফোটা খুব ফোটা একফোটা ভোরে” গানটি লিখেছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, সূর্য ওঠার সাথে সাথে। গানটি ভৈরবী রাগে হওয়ার কথা। তা তো হয়নি, বরং ঠুমরির যে ভঙ্গি, সামান্যভাবে সেটাই এসেছে, তাতে ভোরের কোনো আপত্তি নেই।’অ্যালবামের জন্য প্রস্তুতি কেমন ছিল, এ রকম একটা ‘মোক্ষম প্রশ্ন’ করে একটু হোঁচট খেতে হলো। কৃষ্ণকলি আসলে অ্যালবামের প্রস্তুতি হিসেবে গান লেখেন না। গান লেখা তো একটা চলমান প্রক্রিয়া। এমনও হয়, যখন এক বছর গানই আসে না, আবার এক মাসেই এসে হাজির হয় ১০-১২টা গান। যে গানগুলো এই অ্যালবামে আছে, সেগুলোর কোনোটির বয়স ১৫ বছর, কোনোটির ১০, কোনোটির আট বা দুই। যেকোনো একটা থিম ঠিক করার পর ওই গানগুলোর ভেতর থেকেই কাছাকাছি ধরনের গান বেছে নেওয়া হয়। আলোর পিঠে আঁধার সিডিতেও তার ব্যতিক্রম হয়নি। সরাসরি আন্দোলন আর গানের মধ্যে সম্পর্ক কতটা, তা নিয়ে কথা হয়। কৃষ্ণকলির গানগুলোয় চিরায়ত শিল্পের প্রতি ভালোবাসাই স্পষ্ট। কৃষ্ণকলি বলেন, ‘কোনো সময়কাঠামোতে আমি আমার গানকে বন্দী করতে চাই না। শিল্পের যে শর্ত থাকে অসীমকে ছোঁয়ার, আমারও সে প্রচেষ্টা থাকে। আমরা যে গানের দল করেছি, তাতে লিড গিটার, ব্যাঞ্জো, হারমোনিকা, ম্যান্ডোলিন বাজায় অর্ক। ধীমান কি-বোর্ড। জামি বেইজ গিটার, তবলা ও পার্কেশনে। ড্রামে পাভেল। আমাদের বোঝাপড়া চমৎকার। আর হ্যাঁ, সমগীতের গান থেকেও অনুপ্রেরণা পেয়েছি, এ কথা ভুলিনি।’শেষ প্রশ্ন: বৈশাখী ঝড় কি এসেছে?কোমলে-কঠোরে মিলে কৃষ্ণকলির উত্তর, ‘বৈশাখী ঝড় আনব। কেবল মেঘ বুনছি।’