
‘গাহনা করি মোরা দক্ষিণা সুন্দরী
আহা গাহনা করেন কবি দক্ষিণা সুন্দরী।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে চলছে বন্দনা। নতুন নাট্যদল থিয়েট্রেক্সের প্রযোজনা দক্ষিণা সুন্দরী শুরু হয়েছে মাত্র। চলছে সেই নাটকের বন্দনা। তিন দিক খোলা মঞ্চে চার কুশীলব নেচে-গেয়ে ভরিয়ে তুলেছেন আসর৷ অন্যদিকে বন্দনা সংগীতের রসে মশগুল আমরা ভাবছি, নাটকের নাম দক্ষিণা সুন্দরী কেন, ‘দক্ষিণা সুন্দরী’ আসলে কে?
জানা গেল, সুন্দরবন, যাকে একসময় বলা হতো চন্দ্রবন; সেই স্থানের এক দেবীর নাম দক্ষিণা সুন্দরী। আরেকটি নামও আছে তাঁর—চন্দ্রে। এই চন্দ্রে ও তাঁর সঙ্গী বনা একসময় বাস করত সুন্দরবনের গোলপাতা ছাওয়া ঘরে। আবার চর্যাপদে বর্ণিত বাঘের নামও তো দক্ষিণা সুন্দরী।
তাহলে বর্ণনাত্মক ধারায় রচিত এ নাটকে আমরা কি দেখব চন্দ্রে ও বনার কাহিনি? নাকি চর্যাপদের সেই বাঘের কথা আছে এখানে? হ্যাঁ, সেসব কাহিনি তো আছে নাটকের শরীরজুড়েই। সঙ্গে আছে আরও কিছু—সুন্দরবনের বাসিন্দাদের ওপর বনবাবুদের নিপীড়ন, গাজী-কালু চম্পাবতীর আখ্যান। এমনকি সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে এ এলাকার প্রকৃতি যে সজীব থাকবে না, আছে সে কথার ইিঙ্গতও।
কখনো কখনো মনে হয়, নাটকের পুরোটাই ইঙ্গিতময়—অনেক কিছু বলার প্রয়াস আছে এখানে। তবে অনেক কথা বলতে গিয়ে কিছুটা বিমূর্ত আবহেরও সৃষ্টি হয়েছে। নাটকের প্রধান শর্ত যদিও নাটকের মধ্যে এক বা একাধিক গল্প থাকবে; কিন্তু এ নাটকে সুনির্দিষ্ট কোনো গল্প নেই, আছে কেবল গল্পের আভা৷ ফলে যদি কেউ এখানে নাটকের মধ্যে গল্প খঁুজতে যান, তাঁকে খালি হাতে ফিরতে হবে বলেই মনে হয়। নাট্যকারকেও ভাবতে হবে ব্যাপারটি নিয়ে।
ও হ্যাঁ, দক্ষিণা সুন্দরী যাঁর রচনা এবং যিনি নাটকের নির্দেশনা দিয়েছেন, তাঁদের নামই তো বলা হলো না! শাহমান মৈশানের লেখা নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী।
সুদীপের আরও প্রযোজনা দেখেছি আমরা৷ বরাবরই নিখঁুত প্রযোজনার দিকে তাঁর ঝোঁক। এ প্রয়োজনাতেও আছে সেই ছাপ। বর্ণনাত্মক অভিনয়রীতিতে চলেছে গোটা নাটকের অভিনয়। অভিনয়শিল্পীদের অভিনয়ও সাবলীল। নাট্যদৃশ্যকে মঞ্চে মূর্ত করতে সুদীপ অজস্র কোরিওগ্রাফ ব্যবহার করেছেন, ব্যবহার করেছেন পটচিত্র। এতে প্রযোজনাটি দৃষ্টিনন্দন হয়েছে—টের পাওয়া গেছে সুদীপের মুনিশয়ানাও। আলোক, পোশাক, সংগীত—সব পরিকল্পনাই নাটকের সঙ্গে সংগতিপূর্ণ। বিশেষত দৃশ্য থেকে দৃশ্যান্তরের ক্ষেত্রে সংগীতাবহের প্রয়োগের মাধ্যমে দৃশ্য পরিবর্তন বেশ ভালো লেগেছে। ভালো লাগা জাগিয়েছে নাটকে ব্যবহৃত প্রপসও।
কিন্তু এত কিছুর পরও কথা থাকে—একটি নাটক আমরা কীভাবে দেখি? চোখে দেখি এবং কানে শুনি। তারপরেই তো আমাদের অন্তরে বলক তোলে ওই নাটকের রস। কিন্তু থিয়েট্রেক্সের দক্ষিণা সুন্দরীও আমরা দেখলাম বটে; তবে সেই দেখা কেবলই চোখ দিয়ে—কেবলি একটির পর একটি দৃশ্যের জন্ম হলো এখানে। আর সেই দৃশ্যগুলো আগেই বলেছি যথেষ্ট নান্দনিক ও নিখঁুত। কিন্তু গোল বেঁধেছে তখন, যখন নাটকটি কান দিয়ে শুনতে গেছি আমরা। নাটকে যেহেতু কোনো গল্প নেই, নেই গল্পের খণ্ডাংশও; ফলে আমাদের কান দুটি বারবারই ভেসেছে শূন্য গহ্বরে, তৃপ্তি পায়নি সে—এ প্রযোজনা থেকে কোনো তথাকথিত গল্প নিয়ে ফিরতে পারিনি আমরা। তাই মন কিছুটা খচখচ করেছে হয়তো। তবে এটা তো বুঝেছি, এখানে আছে প্রাণী ও প্রকৃতির একাকার হওয়ার কথা, রয়েছে সুন্দরবন অঞ্চলের মানুষের দিনযাপন ও বেঁচে থাকার আনন্দ-বেদনা৷
এবার একটি ভালো খবর শুনুন: ব্রিটিশ কাউন্সিল ও জনতা ব্যাংকের সহায়তায় প্রযোজিত বাংলাদেশের এ নাটকটি আগামী ২৪ জুলাই মঞ্চস্থ হবে কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আয়োজনে৷ কমনওয়েলথ গেমসের আওতায় ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের টিম ফরেস্ট থিয়েটার উৎসবে গ্লাসগো শহরের সাউথ রোটেন্ডা হলে মঞ্চস্থ হবে নাটকটি৷ ফলে আসুন, দৃষ্টি এখন তুলে রাখি গ্লাসগো শহরের দিকে৷