'কৈশোর তারুণ্যে বই'
‘কৈশোর তারুণ্যে বই’ স্লোগান নিয়ে রাজউক উত্তরা মডেল কলেজে ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে তিন দিনের বইমেলা। দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলাসহ থাকছে বইকেন্দ্রিক নানা কর্মসূচি।
বইমেলার সমন্বয়ক অ্যাডর্ন পাবলিকেশনসের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন প্রথম আলোকে জানান, শনিবার সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে বইমেলা সম্মিলিতভাবে উদ্বোধন করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।
শিশু-কিশোরদের বইয়ের বিপুল সমাহার নিয়ে বইকেন্দ্রিক নানা আয়োজনে থাকছে ছাত্রছাত্রীদের বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকের পরিচালনায় ছাত্রছাত্রীদের আঁকা-আঁকি নিয়ে হাতে-কলমে শিল্পিত সৃজনশীলতা বিনিময়, ‘পড়ি। পরীক্ষায় ভালো করি, পাঠ্যবইয়ের বাইরে’ বিষয়ে প্রশিক্ষণ, পড়ুয়া শিশু-কিশোরদের সঙ্গে লেখক-শিল্পীদের শুভেচ্ছা বিনিময়সহ বইকেন্দ্রিক আরও কর্মসূচি।
অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হচ্ছে অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশনস, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, সময় প্রকাশন।