'কোড লাভ'-এ ভালোবাসা ও প্রযুক্তি নিয়ে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোড লাভ’ অনুষ্ঠানে আলোচনা করেন আফজাল হোসেন। পাশে রুবাবা দৌলা ও গাওসুল আলম ।  ছবি: প্রথম আলো
‘কোড লাভ’ অনুষ্ঠানে আলোচনা করেন আফজাল হোসেন। পাশে রুবাবা দৌলা ও গাওসুল আলম । ছবি: প্রথম আলো

‘প্রযুক্তির কারণে সবার সঙ্গে যোগাযোগটা এখন অনেক সহজ হয়েছে। ভালোবাসার বহিঃপ্রকাশে এসেছে পরিবর্তন। আগে যেমন ভালোবাসা শব্দটির সঙ্গে আবেগ আর অনুভূতির এক নিবিড় সম্পর্ক ছিল, এখন আর তা খুঁজে পাওয়া যায় না। সবকিছুতেই আমরা এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। ভালোবাসা প্রকাশে ব্যবহার করছি প্রযুক্তিকে। সত্যিকারের ভালোবাসা কী, তা সবার কাছে তুলে ধরার জন্য সংবাদমাধ্যমই পারে বড় ধরনের ভূমিকা রাখতে।’ বললেন এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা।
‘কোড লাভ’ প্রদর্শনীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ছিল ‘ভালোবাসার ওপর সংবাদমাধ্যম ও প্রযুক্তির প্রভাব’ শীর্ষক আলোচনা। এখানে আরও আলোচক ছিলেন অভিনেতা আফজাল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন গ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম।
রাজধানীর গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে পাঁচ দিনব্যাপী ‘কোড লাভ’ প্রদর্শনীর আয়োজন করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কেয়ারফাউন্টেইন। গতকাল ছিল প্রদর্শনীর তৃতীয় দিন।
আফজাল হোসেন বলেন, ‘আমরা সবকিছুই পাতলা করে দেখছি। বোঝা মানুষের সংখ্যা কম, কিন্তু না বোঝা মানুষের সংখ্যা অনেক বেশি।’ তিনি আরও বলেন, ‘প্রেম কেউ শিখে আসে না। প্রেম কী, তা সবাই জানে। প্রেম সবার মধ্যেই আছে। সঠিকভাবে প্রেমের চর্চা করাটাই আসল কথা।’
‘কোড লাভ’ প্রদর্শনীতে আজ শনিবার থাকছে ভালোবাসার কবিতা পাঠ। শুরুতেই দেশের বিশিষ্ট কয়েকজন কবি তাঁদের ভালোবাসার কবিতা নিয়ে আলোচনা করবেন। এরপর ভালোবাসার কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও মাহিদুল ইসলাম।