'কোড লাভ' প্রদর্শনীতে ভালোবাসার গান
বসন্তের প্রথম দিনে সন্ধ্যায় ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘কোড লাভ’ প্রদর্শনীতে গতকাল ছিল গানের আয়োজন। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনে গান গেয়েছেন ওয়াকিল আহমেদ, সভ্যতা, সন্ধি, মাসুক, প্রতীক, মাহির ও মাইশা। তাঁদের গানের তালিকায় ছিল নানা স্বাদের ভালোবাসার গান। পাঁচ দিনব্যাপী এই আয়োজনটি করেছে কেয়ারফাউন্টেইন।
সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন ওয়াকিল আহমেদ। গান শেষে তিনি বলেন, ‘অনেক মানুষের দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে শিশু আর বয়স্করা খুবই অবহেলিত। কোড লাভ শিরোনামের এই আয়োজনের ভাবনাটা আমাকে দারুণভাবে নাড়া দিয়েছে। কারণ, এখান থেকে আয় হওয়া অর্থ সুবিধাবঞ্চিত বয়স্ক মানুষদের সহায়তায় ব্যয় করা হবে।’
কোড লাভ প্রদর্শনীর আজ তৃতীয় দিনে উপস্থিত থাকবেন রুবাবা দৌলা, আফজাল হোসেন, এম এ জলিল অনন্ত। একই আয়োজনের অংশ হিসেবে ধানমন্ডির ৯/এ সড়কে ইন হাউসে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন কোনাল ও পলবাসা।