
ফারহানা মিঠু। অভিনয়শিল্পী। মাছরাঙা টেলিভিশনে আজ দুপুরে প্রচারিত হবে তাঁর উপস্থাপনায় ‘মনের জানালা’ অনুষ্ঠানটি।
‘মনের জানালা’ ধরে...
মাছারাঙা টেলিভিশনের মানসিক স্বাস্থ্যবিষয়ক এই অনুষ্ঠানটি একধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই করছি। এখানে মূলত সামাজিক সমস্যাগুলো নিয়েই বেশি কথা হয়। সামাজিক সমস্যাগুলোর কারণে মানসিক সমস্যার সূত্রপাত। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়। দর্শকদের অংশগ্রহণও থাকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর মনে হয়েছে, আমি গুরুত্বপূর্ণ সামাজিক কাজে কিছুটা হলেও অবদান রাখতে পারছি।
ধারাবাহিকের গল্প...
২৬ পর্বের ঘূর্ণিপাক নামের একটি ধারাবাহিকে অভিনয় করছি। এ ছাড়া অনিমেষ আইচের বিন্দু বিসর্গ ধারাবাহিকের কাজও চলছে। শিগগিরই অম্লান বিশ্বাসের একটি ধারাবাহিকে অভিনয় করার কথা আছে।
এক ঘণ্টার নাটক...
আমি তো এক ঘণ্টার নাটকেই অভিনয় করতে চাই। এখন তো ধারাবাহিক নাটকই বেশি হচ্ছে। তাই বাধ্য হয়েই ধারাবাহিক নাটকে অভিনয় করতে হচ্ছে। তার পরও অনেক বেছে বেছে কাজ করছি। আমার কথা হলো, যেকোনো কাজে বক্তব্য না থাকলে সে কাজ গুরুত্বহীন। অভিনয়ের বেলায়ও এটা মেনে চলার চেষ্টা করি। অভিনয়ের জায়গা না থাকলে কাজ করে সন্তুষ্ট হতে পারি না।
মঞ্চের দিনরাত্রি...
নিয়মিত অভিনয় করছি নাগরিক নাট্যসম্প্রদায়ে আর পালাকারে। মঞ্চে নারীগণ ও কালবেলা নাটক দুটো করছি নিয়মিত। সামনে নতুন কাজ শুরু হবে।
আমার লেখালেখি...
এই মুহূর্তে একটা কিশোর উপন্যাস থেকে চিত্রনাট্য করছি। কেবলই শুরু করেছি।