'কোনো স্বজনপ্রীতি করি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম
মম

মম। শুরুটা হয়েছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে। এরপর অভিনয়শিল্পী হিসেবে পেয়েছেন প্রতিষ্ঠা, জনপ্রিয়তা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘ভালোবাসার চতুষ্কোণ’ এবং দর্শকের প্রতিক্রিয়া...
এনটিভির এই ধারাবাহিকের জন্য দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ফেসবুকের মাধ্যমে বা কোথাও দেখা হলে দর্শক খুব আগ্রহ নিয়ে নাটকটির কথা বলেন। অনেকে আবার আলাদাভাবে দৃশ্যগুলোও মনে রাখেন। এ কৃতিত্ব অবশ্যই নাটকের পরিচালক শিহাব শাহীনের। গল্পটাই অন্য রকম। তা ছাড়া ভালোবাসার দৃশ্যগুলো শিহাব শাহীন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।

আসছে ঈদের নাটক...
আমি সত্যিকার অর্থেই কম কাজ করতে পছন্দ করি। দর্শকের জন্যই তো নাটক করা। দর্শক যেন পছন্দ করেন, তাই প্রতিটি চরিত্রের জন্য ভেবেচিন্তে প্রস্তুতি নিতে চাই। এবার ঈদে কয়েকজন ভালো পরিচালকের নাটক করছি—আলভী আহমেদ, শিহাব শাহীন, মাবরুর রশিদ, সালাহউদ্দিন লাভলু আর এজাজ মুন্না।

এজাজ মুন্নার (মমর স্বামী) নাম সবার শেষে, কারণ...

হা হা হা! কাছের মানুষের নাম পরে বলতে হয়। আমি কোনো স্বজনপ্রীতি করি না।
মায়ের অভিনয় দেখে উদ্ভাসিত উদ্ভাস...
আমার ছেলে উদ্ভাস আমার সবচেয়ে বড় ভক্ত। মা-বাবা দুজনই কাজ নিয়ে ব্যস্ত থাকি, ও বিরক্ত করে না। বোঝে, মা-বাবা কাজে যায়। সে নিজেও বলতে থাকে, ‘আমি কাজ করি, আমি কাজ করি!’ টিভিতে আমার নাটক দেখলেই দৌড়ে টিভির সামনে গিয়ে বসে। বাসায় অন্য কেউ থাকলে তাকেও ডেকে আনে।
ঈদের কেনাকাটা...
এই মুহূর্তেও মার্কেটে আছি। কিছু দায়িত্ব তো আছে, আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করতে এসেছি। মানুষজন তাকিয়ে আছে। চারদিকে অনেক হট্টগোল, এর মধ্যেই ফোনে কথা বলছি।
ভক্তের বিড়ম্বনা...
বিড়ম্বনা বলব না। এটাই তো আসলে ভালো লাগা। মানুষ ভালোবাসে বলেই দেখা হলে এগিয়ে আসে।
চলচ্চিত্রের খবর...
সিনেমায় অভিনয়ের খবর এখনই কিছু বলতে চাইছি না। ঈদের পর বলব।
যে দিনটির অপেক্ষায় আছি...
এমন একটা দিন, যেদিন আমি চিৎকার করে বলতে পারব, ‘এই দিনটির অপেক্ষায় ছিলাম’! যা যা করতে চাই, সব কটি কাজ যেন ঠিকভাবে সম্পন্ন করতে পারি, এটিই আসলে চাওয়া।
 মো. সাইফুল্লাহ