‘কৌন বনেগা ক্রোড়পতি’র গানে অমিতাভ!
ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ষষ্ঠ মৌসুমের প্রচার শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি সম্প্রতি এর জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের জন্য গানটি তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতপরিচালক জুটি সেলিম-সুলেমান। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন অমিতাভ। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘সম্প্রতি গভীর রাতে সেলিম-সুলেমানের রেকর্ডিং স্টুডিওতে “কৌন বনেগা ক্রোড়পতি” অনুষ্ঠানের জন্য একটি গানে কণ্ঠ দিলাম। সত্যি বলতে কি, গানটির রেকর্ডিংয়ের সময় খানিকটা ভীতই হয়ে পড়েছিলাম।’অমিতাভ আরও লিখেছেন, ‘গানটি গাইতে গিয়ে কেন যেন দ্বিধা এসে ভর করেছিল আমার ওপর। সেলিম-সুলেমান আমাকে ভীত আর চিন্তিত করে তুললেও শেষ পর্যন্ত ভালো একটি ফলাফলই পেয়েছি আমরা। কাজটি করে আমি পরিতৃপ্ত।’