'ক্যাপ্টেন খান' ছবির ব্যবসা সন্তোষজনক

রংপুরের শাপলা সিনেমা হলে দর্শকদের ভিড়
রংপুরের শাপলা সিনেমা হলে দর্শকদের ভিড়

এবারের ঈদে দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। বছরজুড়ে দর্শকখরা কাটিয়ে এই উৎসবের সময়টায় আশায় বুক বাঁধেন হলমালিকেরা। ঈদের ছবিগুলো সেই আশা কতটা পূরণ করতে পেরেছে, তা জানতেই দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে ঢুঁ মেরেছেন প্রথম আলোর প্রতিনিধিরা। ধারাবাহিকভাবে সেই চিত্রই তুলে ধরা হচ্ছে। আজ থাকছে খুলনা, রংপুর ও ময়মনসিংহের প্রেক্ষাগৃহে ঈদের ছবির ব্যবসার খবর।

রংপুর
‘মনে রেখো’ দেখতে ভিড়
আরিফুল হক, রংপুর
দাবদাহকে উপেক্ষা করে রংপুরের একমাত্র শাপলা সিনেমা হলে তরুণদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতিদিন চারটি শোতে হলের অধিকাংশ আসন পূর্ণ ছিল। এখানে চলছে ঢাকার নায়িকা মাহিয়া মাহি আর কলকাতার নায়ক বনি সেনগুপ্তর ছবি মনে রেখো।
হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৮০০ আসনবিশিষ্ট এই হলে গত ঈদের মতো এবারও দর্শকের উপস্থিতি সন্তোষজনক। তবে তরুণ দর্শকের উপস্থিতি বেশি।
গতকাল দুপুর ১২টায় সিনেমা শুরু হওয়ার আগে পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও দেখা যায়। দল বেঁধে বন্ধু ও সহপাঠীরা সিনেমা দেখতে এসেছেন। এক জায়গায় একত্র হয়ে দল বেঁধে বাংলা সিনেমা দেখারও একটা আলাদা আনন্দ রয়েছে বলে অনুভূতি জানিয়েছেন তরুণ দর্শকেরা। কারমাইকেল কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ঈদের আনন্দ পেতে কয়েকজন বন্ধু মিলে বিনোদন স্পট ঘুরে বেড়িয়েছি। একসঙ্গে সিনেমাও দেখছি।’
শহরের তাজহাট এলাকার রহমত আলী বলেন, বাড়িতে টিভি দেখা হয়। কিন্তু বড় পর্দায় এভাবে সিনেমা দেখা না হলে সন্তানেরা এর মজাই হয়তো পাবে না। তাই পরিবারের সদস্যরা মিলে সিনেমা হলে আসা।
অধিকাংশ দর্শকের ভাষ্য, ভালো ছবি তৈরি করে প্রচারণা করা হলে ঠিকই দর্শকেরা হলে ছুটে আসবেন। কিছু ভালো ছবি হচ্ছে বলেই দর্শকেরা হলে আসছেন। শাপলা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক শাহাবুদ্দিন বলেন, ঈদের দিন এবং তিন দিন পরও দর্শক বেশ ভালো ছিল। বছরের বিভিন্ন সময় এভাবে ভালো ছবি তৈরি হলে সিনেমা হলগুলো প্রাণ ফিরে পাবে।

খুলনা
দর্শক প্রায় নেই
উত্তম মণ্ডল, খুলনা
গত এক দশকে দর্শকখরায় একে একে বন্ধ হয়ে গেছে খুলনা নগর ও জেলার ১৫টি প্রেক্ষাগৃহ। এবার ঈদ উপলক্ষে নগরের ৬টি ও উপজেলার ১টি হলে চলছে ৩টি ছবি।
খুলনার শঙ্খ সিনেমা হলে চলছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ক্যাপ্টেন খান। খালিশপুরের চিত্রালি ও ডুমুরিয়া উপজেলার শঙ্খমহল (নাগমা) হলেও সিনেমাটি চলছে। সোসাইটি সিনেমা হলে চলছে গত রমজানের ঈদের ছবি সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পোড়ামন ২। সংগীতা, লিবার্টি ও জনতা সিনেমা হলে চলছে কলকাতার বনি ও ঢাকার মাহির মনে রেখো।
গত শুক্রবার বিকেলে কয়েকটি সিনেমা হল ঘুরে দেখা গেছে, দর্শক প্রায় নেই। যাঁরা আছেন, বেশির ভাগই শহরের। পরিবারসহ এসেছেন, এমন কোনো দর্শক চোখে পড়েনি। নারী দর্শকও নেই বললেই চলে।
১ হাজার ৪০০ জন ধারণক্ষমতার শঙ্খ হলে ঈদের দিন উল্লেখযোগ্যসংখ্যক দর্শক ক্যাপ্টেন খান দেখেছেন। হলটির ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঈদের দিন ও পরের দিন বেশ কয়েকটি শোতে হাজারখানেক করে দর্শক এসেছিলেন। তবে হাউসফুল হয়নি। শুক্রবার থেকে দর্শক কিছুটা কমেছে।
সোসাইটি সিনেমায় শুক্রবার বেলা তিনটার শোতে দর্শক হয়েছেন মাত্র ৩৫ জন। ৫০০ জন ধারণক্ষমতার হলটির ব্যবস্থাপক মো. জাফর আলী বলেন, আশানুরূপ দর্শক হয়নি। ঈদের দিন প্রায় খালি ছিল। পরের দিন কিছু দর্শক আসেন। শুক্রবার আবার যা, তা-ই।
সংগীতার ধারণক্ষমতা ৯০০। ঈদের দিন চারটি শো মিলিয়ে ২৫০-এর মতো দর্শক হন। পরের দিন দর্শক আরও কমে যায়। শুক্রবার বিকেলের শোতে ওপরতলা-নিচতলা মিলিয়ে ৫৫ জনের মতো দর্শক হন।

ময়মনসিংহ
‘ক্যাপ্টেন খান’-এর ব্যবসা সন্তোষজনক
কামরান পারভেজ, ময়মনসিংহ
ময়মনসিংহের তিনটি প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পেয়েছে তিনটি নতুন চলচ্চিত্র। হলের মালিকেরা জানিয়েছেন, এর মধ্যে ক্যাপ্টেন খান চলচ্চিত্রটির ব্যবসা সন্তোষজনক। মনে রেখো কিছুটা ব্যবসার মুখ দেখলেও জান্নাত হতাশ করেছে।
জান্নাত মুক্তি পেয়েছে ময়মনসিংহের পূরবী হলে। চলচ্চিত্রটির নায়ক সায়মন সাদিক আর নায়িকা মাহিয়া মাহি। গত শুক্রবার রাতে কথা হয় পূরবী হলের কর্মচারী মো. রবির সঙ্গে। তিনি বলেন, ঈদের তিন দিন থেকে শুক্রবার রাত পর্যন্ত কোনো প্রদর্শনীতেই দর্শকসংখ্যা ৫০ পেরোয়নি। রবি আরও বলেন, চলচ্চিত্রের ব্যবসায় মন্দা নামার পর শুধু দুই ঈদেই ব্যবসার আশা থাকে। ১৬ বছরে কোনো ঈদে এত কম দর্শকের উপস্থিতি দেখেননি তিনি।
সেনা অডিটরিয়ামে মুক্তি পেয়েছে কলকাতার নায়ক বনি আর ঢাকার নায়িকা মাহিয়া মাহি অভিনীত মনে রেখো। এখানেও দর্শক আসছেন না বলে জানান হলটি ইজারা নেওয়া কাউছার আহমেদ। তিনি বলেন, ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত ৩০ হাজার টাকার টিকিটও বিক্রি হয়নি। চলচ্চিত্রটি ২ লাখ ৫০ টাকার চুক্তিতে আনা হয়েছে। লোকসানের আশঙ্কায় আছেন তিনি।
ছায়াবাণী হলে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ক্যাপ্টেন খান। হলের মালিক শাহজাহান কবীর বলেন, ঈদের দিন থেকেই কোনো প্রদর্শনীতে হাউসফুল না হলেও দর্শক ভালো ছিল। আশা শতভাগ পূরণ না হলেও ৯০ ভাগ ব্যবসা হচ্ছে।