
দৃশ্য: এক বর্ষার আকাশ। এই মেঘ, এই বৃষ্টি। বিকেল চারটা। আধা ঘণ্টা আগে হালকা বৃষ্টি হয়ে গেল। তখনো মেঘ কাটেনি। এই আবহাওয়াতে এফডিসির প্রধান ফটকের সামনে কৌতূহলী মানুষের আনাগোনা তেমন নেই। ৩ ও ৪ নম্বর ফ্লোরের সামনে নিত্যদিনের জটলাও শূন্য। কারণ, শুটিং নেই। মূল সড়ক দিয়ে হেঁটে গন্তব্য ক্যানটিন চত্বরের দিকে।সেখানে চোখে পড়ল ছড়ানো-ছিটানো কিছু মানুষের আনাগোনা। ক্যানটিনের ভেতরে ঢোকার মুখে নায়ক জায়েদ খানের সঙ্গে দেখা। একজন পরিচালকের সঙ্গে গল্প করছিলেন। কাছে যেতেই গল্প থামিয়ে সম্প্রতি তাঁর শুটিংয়ের খবর দিলেন। বললেন, ‘উত্তম আকাশের তুমি সুন্দর তাই চেয়ে থাকি ছবির শুটিং শুরু হয়েছে। আমার বিপরীতে আছেন নতুন নায়িকা বিন্দিয়া। দু-এক দিনের মধ্যে আউটডোর শুটিংয়ে যাব।’কোথায় হবে শুটিং?‘ঢাকার অংশ ছাড়া পুরো ছবির কাজ হবে পুবাইল ও হোতাপাড়ায়।’ জায়েদ বললেন।
দৃশ্য: দুই
ক্যানটিন থেকে অল্প একটু দূরে ৮ নম্বর ফ্লোর। ফ্লোরের মূল দরজার সামনে জটলা করে আছে লোকজন। মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন দুজন। বাইরের কাউকে ঢুকতে দিচ্ছেন না তাঁরা। একজন বললেন, ভেতরে সাহাদত হোসেন লিটনের তোমার কাছে ঋণী ছবির শুটিং চলছে। পরিচালকের কড়া নির্দেশ আছে। শুটিংয়ের বাইরের কারোর প্রবেশ নিষেধ।
তবে নিজের পরিচয় দিয়ে ভেতরে যাওয়ার সুযোগ হলো। ঢুকতেই দেখা হলো ববিতার সঙ্গে। তিনি ইউনিটের কাকে যেন বললেন, ‘আমি গ্রিনরুমে গেলাম।’ বলেই স্টুডিও থেকে বেরিয়ে গেলেন ববিতা।
স্টুডিওর মাঝখানে জমিদারবাড়ির সেট। বাড়ির মধ্যে একটা বড় কেক রাখা আছে। তাঁর চারপাশ ঘিরে ক্যামেরার লোকজন, অভিনেত্রী তমা মির্জা ও নতুন নায়ক সাইমুনকে দেখা গেল। ক্যামেরার লোকজন লোকেশন ঠিকঠাক করে নিচ্ছেন। পাশেই দেখা মিলল পরিচালক লিটনকে। বললেন, ‘ববিতা আপাসহ সবার একটা মাস্টার শট নেওয়া হলো। এখন ক্লোজ শট নেওয়া হবে। ববিতা আপা গ্রিনরুমে মেকআপ ঠিকঠাক করছেন। তিনি এলেই আবার শুরু করব শুটিং।’
এখন কী ধরনের দৃশ্য ধারণ করা হচ্ছে?
‘জমিদারের স্ত্রী ববিতা। জমিদার মারা যাওয়ার পর ববিতাই জমিদারি দেখভাল করেন। তাঁর একমাত্র ছেলে শুভ হারিয়ে গেছে। তাই শুভর বন্ধু রাজুকে ছেলের আদরে বড় করেন তিনি। এই দৃশ্যে শুভর জন্মদিন পালন করা হবে। জন্মদিনের একটি ছবি পত্রিকায় ছাপানো হবে। ববিতা ভাবেন, ছবিটি দেখে যদি শুভ ফিরে আসে। এটি এমন একটি দৃশ্য।’
এ সময় পাশেই দাঁড়ানো তমা মির্জা বললেন তাঁর চরিত্র নিয়ে, ‘এ ছবিতে আমি শহর থেকে ডাক্তারি পড়া শেষ করে গ্রামে ফিরে আসি। গ্রামের মানুষের সেবা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই। চরিত্রটি আমার খুব ভালো লেগেছে।’
এর মধ্যে ববিতা এসে সেটে ঢুকলেন। ইউনিট-কর্মীদের তোড়জোড় শুরু হলো আবার। ‘তাড়াতাড়ি ক্যামেরা, লাইট রেডি করো, ক্লোজ শট নেব।’—পরিচালকের হাঁক। পুরো শুটিং ইউনিট যেন জেগে উঠেছে!