শহরের নাম নুরেমবার্গ। এ শহরে হঠাৎ একদিন হাজির হলেন এক তরুণ। দুর্বল। এমনকি তিনি হাঁটতেও পারছিলেন না। হঠাৎ তাঁর কণ্ঠ থেকে বেরিয়ে এল চিৎকার, ‘আমি তার মতো হতে চাই, সে যেমন ছিল।’
ক্যাসপার একজন আগন্তুক নাটকের শুরুতেই এমন একটি দৃশ্য দেখলেন দর্শক। একটু আগে ছিল ইলশেগুঁড়ি বৃষ্টি। সে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাট্যশালার সপ্তম তলার স্টুডিও থিয়েটারে দর্শক সমাগম কম হয়নি। মূলত নাট্যকর্মীরাই দর্শক। ভিন্নধারার কর্মশালাভিত্তিক নাটক বলেই তাঁরা এসেছেন আগ্রহ নিয়ে।
জার্মান ও বাংলাদেশের ছয়জন নাট্যকর্মী দুই সপ্তাহব্যাপী এক কর্মশালার মধ্য দিয়ে অস্ট্রিয়ান লেখক পিটার হ্যানকের ক্যাসপার নাটকটিকে বুঝবার চেষ্টা করেছেন এবং নাটকটিকে মঞ্চের উপযোগী করেছেন। পিটার হ্যানকের ক্যাসপার অনুবাদ হয়ে স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়েছে ক্যাসপার একজন আগন্তুক নামে।
নাটকটিতে অভিনয় করেছেন জোহানসন শুমাখার, প্রাচ্যনাটের ফরহাদ আহমেদ, লোকনাট্যদলের মাহবুবুর রহমান সুজন, আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ ও সুরভি রায়। নাটকটির কোরিওগ্রাফি করেছেন জার্মান নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার টমাস বুঙ্গের। আলোক পরিকল্পনায় ছিলেন ফয়েজ জহির।
নাটকটিতে নাট্যকার বুঝতে চেয়েছেন, ভাষা কীভাবে মানুষকে সামাজিক জীবনে যুক্ত করে, আবার দূরেও ঠেলে দেয়।