‘ক্রিকেটকে কখনো বিদায় বলো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আগে থেকেই গানের পাখি লতা মুঙ্গেশকর শচীন টেন্ডুলকারের অন্ধ-ভক্ত। এইতো, সেদিনই তিনি জানিয়েছেন, শচীনকে তিনি তাঁর নিজের সন্তানের মতোই মনে করেন। ভারতের হয়ে টেন্ডুলকারের কোনো গুরুত্বপূর্ণ খেলার সময় লতাজির মানত, উপবাস, মনপ্রাণ উজার করে প্রার্থণা নতুন কিছু নয়। ক্রিকেটের অনুসারী ভারতের এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী শচীন টেন্ডুলকারের ৩৮তম জন্মদিন উপলক্ষ্যে অন্তরের অন্তস্থল থেকে জানিয়েছেন নিজের শুভেচ্ছা। অভিভাবকের মতোই কামনা করেছেন তাঁর দীর্ঘ-জীবন ও সু-স্বাস্থ্য। সেই সঙ্গে কামনা করেছেন তাঁর সন্তানতূল্য ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি যেন আরো অনেকদিন ক্রিকেট খেলে যান-গর্বিত করুণ সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর অগুণিত ভক্তদের।ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া আজ রোববার লতা মুঙ্গেশকরের একটি সাক্ষাত্কার প্রকাশ করেছে। এই সাক্ষাত্কারেই লতাজি তাঁর শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন শচীন টেন্ডুলকারকে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য এই সাক্ষাত্কারটির ঈষত্ সংক্ষেপিত অনুবাদ তুলে ধরা হল-প্রশ্ন: আজ শচীনের জন্মদিন। আপনি কি তাঁকে ফোন করে শুভ-কামনা জানিয়েছেন?লতা: আসলে আজ আমার বাবার মৃত্যুদিন। সারাদিন এনিয়ে ব্যস্ত রয়েছি। সে কারণে শচীনকে ফোন করা হয়নি। তবে আমার শুভ কামনা ও শুভেচ্ছা সবসময়ই শচীনের সঙ্গে রয়েছে।প্রশ্ন: শচীন টেন্ডুলকারের জন্য আপনার তরফ থেকে কোনো বিশেষ শুভকামনা কি রয়েছে?লতা: অবশ্যই। আমি মনে মনে কামনা করি, ও যেন কোনোদিন ক্রিকেট খেলাটা ছেড়ে না দেয়। খেলায় বিরতি আনুক, বিশ্রাম নিক, কিন্তু সে যেন চিরদিনের জন্য ক্রিকেট থেকে অবসর না নেয়। ক্রিকেটই ওর জীবন, এই ক্রিকেট থেকে সরে গেলে শচীন সুখী থাকতে পারবে না। যদি বয়সের কারণে ক্রিকেট নাও খেলতে পারে, সে যেন একটি একাডেমি প্রতিষ্ঠা করে নতুন প্রতিভা খুঁজে বের করার কাজটি চালিয়ে যায়। আর ও যেন দীর্ঘ জীবন লাভ করে।প্রশ্ন: শচীনের খেলা দেখে কি আপনি উদ্দীপ্ত হন?লতা: কেবল আমিই নই, ওর খেলা দেখে সারাবিশ্বের অনেকেই উদ্দীপ্ত হয়। ওর খেলার মধ্যে একটা উজ্জীবনী সুধা রয়েছে। শচীন ক্রিকেটের এক ধ্রুপদী সৈনিক। অনেকটা সঙ্গীতের পণ্ডিত ভীমসেন কিংবা গুলাম আলি সাহেবের মতো। ওনাদের পরিবেশনা যেমন সবার মধ্যে অনুরনণের সৃষ্টি করে, ঠিক তেমনি শচীনের খেলা সবাইকে অন্য একটি জগতে নিয়ে যায়। আমার ভাই হূদ্যনাথ মঙ্গেশকর শচীনের খেলা দেখে কেবলই দুটি শব্দই উচ্চারণ করতে থাকে-‘বাহ’, ‘বাহ’। ওর ব্যাটিংয়ে দারুণ একটি ছন্দ রয়েছে।প্রশ্ন: পূর্বের বা এখনকার কোনো ক্রিকেটারের মধ্যে কি আপনি শচীন টেন্ডুলকারের ছায়া দেখতে পান?লতা: দেখুন, একেকজন ক্রিকেটার একেকরকম। কারো সঙ্গে কারো তুলনা হয়না। যাঁর যাঁর জায়গা থেকে কিংবা যাঁর যাঁর সময়ে একজন ক্রিকেটার জগদ্বিখ্যাত হয়। একটা সময় ছিল যখন আমি গ্যারি সোবার্সের খেলা মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। তবে আমার কাছে মনে হয়, শচীন শচীনই। আরেকটা শচীন টেন্ডুলকার আমরা পাবো না। চলচ্চিত্রের কথাই ধরুন। আরেকটি দীলিপ কুমারের জন্ম কি ভারতের চলচ্চিত্র শিল্পে হয়েছে? হয়ত অনেক ভালো অভিনেতা এসেছেন। কিন্তু তাঁরা কেউই দীলিপ কুমারের জায়গা দখল করতে পারেন নি। শচীনের বেলাতেও এমনই হবে।প্রশ্ন: আপনার সঙ্গে শচীন টেন্ডুলকারের কতবার দেখা হয়েছে?লতা: খুব নিয়মিত দেখা হয় না। গত ২০-২২ বছরে ১০ বারের মতো দেখা হয়েছে। তবে আগে অনেকবারই টেলিফোনে কথা হত। এখন আমার বয়স হয়েছে। কথা বলার শক্তি পাই না।প্রশ্ন: শচীনের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার স্মৃতি কি আপনার মনে আছে?লতা: কেন থাকবে না! আমার মনে আছে, শচীনের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল শারজাহয়। কেউ একজন আমাকে ওর সঙ্গে কথা বলতে বলল। সত্যি বলতে কি, সেসময় শচীনের সঙ্গে কথা বলার আগে আমি একটু দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম। কারণ, আমি জানতাম ক্রিকেটাররা খুবই আধুনিক। তাঁরা ইংরেজি ছাড়া কথাই বলতে চায় না। কিন্তু শচীনের সামনে গিয়ে আমার ভুল ভেঙে গেল। সে আমাকে অসম্ভব সম্মান করল। যেন আমার সঙ্গে কথা বলতে পেরে সে ধণ্য। সে একটু আবেগপ্রবণও হয়ে পড়েছিল। ইংরেজি বা হিন্দিতে নয়, পুরোদস্তুর মারাঠি ভাষাতেই সে আমার সঙ্গে কথা বলেছিল। আমি খুব অবাক হয়েছিলাম, এত বড় ক্রিকেটার। দেশের সেরা তারকা। অথচ কি বিনয়ী! কি নম্র-ভদ্র! প্রশ্ন: শচীনের জন্মদিনে তাঁকে কি আপনার বিশেষ কিছু বলার আছে?লতা: কেবল একটি কথাই বলব, ‘তুমি যেমন আছ, তেমনই থাক। তুমি, নম্র-বিনয়ী। তুমি যে আদর্শ নিয়ে এই ২২ বছর সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছ, সেই আদর্শই অপরের মাঝে ছড়িয়ে দাও। তোমার আদর্শই শ্রেষ্ঠ আদর্শ-এটা সবসময় মনে রেখ। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে।