
সিনেমার জন্য ফান্ড সংগ্রহের প্রস্তুতি সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলুন?
শুরু থেকেই আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে ছবিটা করা। এর আগের দুটি ছবি থেকে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে বুঝেছি যে আন্তর্জাতিক অর্থায়ন ও সহপ্রযোজনা ছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ছবি বানানোটা কাজের কথা নয়। গত বছর যখন এই প্রকল্প নিয়ে ওপেন ডোরস ল্যাবে অংশ নিই, তখনই এ ব্যাপারে হাতে-কলমে অনেক কিছু শিখি। এ ছাড়া বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিপ্ট স্টেশন ও হংকং ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্ম ফাইন্যান্সিং ফোরামে অংশ নিয়েও অনেক উপকৃত হয়েছি। এক বছর ধরে প্রকল্প উন্নয়ন ও চিত্রনাট্য লেখা ছাড়া বিভিন্ন ফান্ডের জন্য আবেদন করেছি। ইতিমধ্যে ফ্রান্স সরকারের সিএনসি ফান্ডের জন্য নির্বাচিত হয়েছি। নরওয়ে সরকারের সোরফান্ডের জন্যও নির্বাচিত হয়েছে মেড ইন বাংলাদেশ। আরও কিছু ফান্ডের সিদ্ধান্তের অপেক্ষা করছি। আশা করছি এ বছরের শেষ নাগাদ প্রয়োজনীয় অর্থ জোগাড় হয়ে যাবে।
‘মেড ইন বাংলাদেশ’ বাণিজ্যিকভাবে প্রদর্শন করা যাবে? বিনিয়োগের কিছু কি ফিরবে? বিনিয়োগের কিছু অংশ না ফিরলে পরিচালক পরের ছবি কীভাবে করবেন?
আশা আছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ছবিটা মুক্তি দেওয়ার। কিন্তু নিছক বাণিজ্যিক উদ্দেশ্যে ছবিটা বানাচ্ছি না। চলচ্চিত্র আমার ব্যবসা নয়; বরং নিজের শৈল্পিক অভিব্যক্তিগুলো প্রকাশের একটি শক্তশালী মাধ্যম। পৃথিবীতে এ ধরনের ছবির দর্শকের সংখ্যাও কিন্তু কম নয়, যাঁরা শিল্পসম্মত ছবির ব্যাপারে আগ্রহী। এসব ছবি থেকে সেই অর্থে ব্যবসা করা কঠিন হলেও একেবারে যে টাকা উঠে আসে না, তা কিন্তু নয়। কিন্তু টাকা তোলার কথা মাথায় রেখে এ ধরনের ছবি বানানো হয় না। সে জন্যই আন্তর্জাতিক মহল এসব ছবিতে অর্থায়নের জন্য এগিয়ে আসে। তাদের মূল উদ্দেশ্যই থাকে শৈল্পিক চলচ্চিত্রের ধারাটিকে টিকিয়ে রাখা। আন্তর্জাতিক অঙ্গনের অনেক প্রযোজক-পরিবেশক আছেন, যাঁরা শুধু এই ধারার ছবির ব্যাপারেই আগ্রহী। আমি যে গ্রান্টগুলো পেয়েছি, সেগুলো কিন্তু আমার ছবিটার মেরিট বিবেচনা করেই দেওয়া হচ্ছে। আমি যে ধরনের ছবি বানাতে চাই, সে রকম ছবি সময় নিয়েই করতে চাই। এ জন্য ৩ থেকে ৪ বছরে একটা ছবি করতে পারলেই যথেষ্ট।
এসব ফান্ড পেতে তরুণ নির্মাতাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত?
প্রথমেই সিনেমার কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করা জরুরি। শুধু প্রচুর ছবি দেখলে আর সিনেমার নান্দনিক জ্ঞান থাকলেই ভালো নির্মাতা হওয়া যায় না। আমার মনে হয়, একজন পরিচালকের জন্য ক্যামেরা থেকে শুরু করে এডিটিং, প্রোডাকশন ডিজাইনসহ চলচ্চিত্রের সব বিষয়েই অল্পবিস্তর কারিগরি দক্ষতা থাকা দরকার। তা ছাড়া চলচ্চিত্রের ইতিহাস, এর বিভিন্ন ধারা, সমকালীন চলচ্চিত্রের ট্রেন্ডগুলো সম্পর্কেও জানা থাকা দরকার। সিনেমার একটা বিশ্বজনীন আবেদন আছে, সেটি যে ভাষাতেই নির্মিত হোক না কেন। তরুণ নির্মাতাদের সেই সুযোগটা কাজে লাগানো উচিত। পৃথিবীর আনাচকানাচে এ ধরনের ছবির দর্শক ছড়িয়ে আছেন। তাঁদের কাছে পৌঁছাতে হবে।
লোকার্নো চলচ্চিত্র উৎসব থেকে জিতে নেওয়া পুরস্কারটি সম্পর্কে বলুন। ওপেন ডোরস হাব কোন দিক থেকে গুরুত্বপূর্ণ?
চলচ্চিত্র নির্মাণে পিছিয়ে থাকা দেশগুলোর নির্মাতাদের বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ওপেন ডোরস। সুইজারল্যান্ডে যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ সব খরচ তারা বহন করে। বিভিন্ন দেশ থেকে নির্বাচিত নির্মাতাদের প্রশিক্ষণ, কর্মশালা, মেন্টরিং করে পরে নগদ পুরস্কার দেয় তারা। এটা অত্যন্ত ফলপ্রসূ একটি উদ্যোগ। ওপেন ডোরসের বর্তমান ফোকাস (২০১৬-১৮) ভারত বাদে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো। হাব, ল্যাব ও ওপেন ডোরস স্ক্রিনিং—এই তিন বিভাগের মধ্যে ল্যাবে প্রযোজক ও হাবে পরিচালকেরা আবেদন করতে পারেন। আমি গত বছর খনা টকিজের প্রকল্পগুলো নিয়ে ল্যাবে অংশ নিই। ওপেন ডোরস স্ক্রিনিংয়ে আন্ডার কনস্ট্রাকশন এবং এ বছর হাবে মেড ইন বাংলাদেশ নিয়ে। পেলাম আর্তে ইন্টারন্যাশনালের ছয় হাজার ইউরো নগদ পুরস্কার। যাঁরা আগামী বছর আবেদন করতে চান, তাঁদের সহায়তা করার জন্য ওপেন ডোরসের প্রতিনিধিরা আবারও নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশে গিয়ে ওয়ার্কশপ করাবেন। দেশের তরুণ নির্মাতাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। বসে না থেকে এখন থেকেই চিত্রনাট্য প্রস্তুত করা, লোকেশনের ছবি তুলে ফেলা ভালো।

নতুন ছবির শুটিং কবে নাগাদ শুরু করবেন?
অর্থায়ন ও অন্য সবকিছু ঠিক থাকলে আগামী বছর কাজ শুরু করব। কাস্টিংয়ের ক্ষেত্রে অভিনয়ের দিকটাতেই নজর দিই। রিকিতা নন্দিনী শিমু, মিতা রহমান ও শাহানা গোস্বামী মূল চরিত্রগুলো করবেন। তাঁরা তিনজনই বলিষ্ঠ অভিনেত্রী।
শেষ ছবিটার প্রতিক্রিয়া থেকে কোনো উপলব্ধি হয়েছে?
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শেষে মুনিরা মোর্শেদ মুন্নী এসে আমার হাত জড়িয়ে ধরে বলেছিলেন, আমি যেন মেয়েদের গল্প বলাটা না থামাই। বুঝতে পারি, আমার কাছে আরও অনেকেরই একই প্রত্যাশা। ব্যাপারটি আমাকে স্পর্শ করে, অনেক বেশি কমিটেড ফিল করি। আন্ডার কনস্ট্রাকশন-এ একটা মধ্যবিত্ত মেয়ের ঘর ও বাইরের সংগ্রামের গল্প বলতে চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় মেড ইন বাংলাদেশ-এ চেষ্টা করব একজন শ্রমজীবী মেয়ের গল্প বলতে। এখানে ‘মেড ইন বাংলাদেশ’ মানে কাপড় বোনা নারীর গল্প নয়। আঙুল কেটে ফেলার পর জুঁইয়ের পরীক্ষা দেওয়া, ক্ষতবিক্ষত মুখ নিয়ে রুমানার পিএইচডি করা, গ্রেনেড হামলার শিকার হওয়ার পরেও শেখ হাসিনার রাজনীতি চালিয়ে যাওয়ার চেতনার গল্প। এবার ছবির ক্র্যাফটের দিকে আগের থেকে আরও বেশি নজর দিতে চাই।
পূর্ণ বাণিজ্যিক ছবি বানানোর ব্যাপারে আপনার মনোভাব কী?
সব ধরনের ছবিই হওয়া দরকার। তবে বাণিজ্যিক ঘরানাটা আমার নয়। সিনেমা আমার কাছে নিছক বিনোদন বা অর্থ উপার্জনের কর্ম নয়। আমি এর আর্টিস্টিক সম্ভাবনার প্রতিই বেশি আগ্রহী।