ছবিটি সুবচন নাট্যসংসদের ক্ষুধিত পাষাণ নাটকের। রবীন্দ্রনাথের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন খালেদ খান। নাটকটির ছবিতে আহসান হাবিব নাসিমের সঙ্গে দেখা যাচ্ছে মৌকে। এখানে নাসিম যে চরিত্রটি করছেন, চরিত্রটি রবীন্দ্রনাথ নায়ক হিসেবে দেখিয়েছেন। ছবির দৃশ্যের কথা বলতে গিয়ে নাসিম বলেন, ‘হায়দরাবাদের দ্বিতীয় শাহ মোহাম্মদের প্রাসাদ এলাকায় চাকরির সুবাদে আসতে হয় আমাকে। ওখানে আমি কর-কালেক্টর হিসেবে যোগ দিই। পাশেই প্রাসাদ। প্রাসাদের প্রতি আমার আগ্রহ বাড়ে। কোনো মানুষ সেখানে যায় না। কিন্তু আমি সিদ্ধান্ত নিই ভেতরে প্রবেশ করার। আমান কেরানি জানায়, জমিদার শাসনের সময় ওই প্রাসাদে নারী নির্যাতন হতো। ওখানে এখনো নির্যাতিত মেয়েদের আত্মা ঘুরে বেড়ায়। কেউ সেখানে গেলে জীবিত ফেরত আসে না। এটা একটা অভিশপ্ত প্রাসাদ। কিন্তু আমি বিষয়টি নিয়ে ভাবতে থাকি। এক দিন রাতে ঘোরের মধ্যে গিয়ে হাজির হই প্রাসাদে। ঘুরতে ঘুরতে মেয়েদের চিৎকার শুনি। অনেক মেয়ে আসে, তাদের সঙ্গে আমি কথা বলি। কিন্তু মেয়েরা কথা বলে না। একটা সময় আমার সঙ্গে ওদের ভাব হয়। ওরা আমাকে নেচে নেচে গান শোনায়। ছবির দৃশ্যে তাহমিনা মৌ আমাকে নেচে নেচে গান শোনাচ্ছে।’নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা নাটকটি নিয়ে প্রায় দেড় মাস মহড়া করেছি। মোহাম্মদপুর গ্রাফিকস আর্ট কলেজে নাটকটির মহড়া হতো। নাটকটির সময়কাল এক ঘণ্টা ২০ মিনিট। এর মধ্যে আমার চরিত্রের সময়কালই প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট। প্রচুর সংলাপ। মহড়ার সময় ভয়াবহ রকমের অবস্থার মধ্যে থাকতে হতো। এত সংলাপ যে মুখস্থ করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত। সংলাপ যত তাড়াতাড়ি শেষ করতে পারতাম, ততই টেনশন কমত।’নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৬ সালে। উদ্বোধন হয় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। এ পর্যন্ত নাটকটির ৩৫টির বেশি প্রদর্শনী হয়েছে। আপাতত এর প্রদর্শনী বন্ধ আছে। সুবচন নাট্যসংসদ ভারতেও নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনী করেছে।