‘ক্ষ’-এর গান
প্রায় দুই সপ্তাহ ধরে ‘ক্ষ’ নামের একটি বিদেশি ব্যান্ডের কণ্ঠশিল্পী সোহিনীর গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে প্রচুর মতামত প্রকাশিত হচ্ছে। আমি এই গানের মিউজিক ভিডিওটি এ মাসের ২ তারিখে প্রথম দেখি।একটি ঘরোয়া পরিবেশে একজন তরুণ কণ্ঠশিল্পী গানটি স্বরলিপি অনুযায়ী গেয়েছেন। তাঁর অভিব্যক্তি এবং দাঁড়িয়ে গান পরিবেশন করা সবকিছুই গানটির বক্তব্য, মূল ভাবের সঙ্গে মিশে যায় এবং শিল্পীর দেশপ্রেমকে স্পষ্ট করে তোলে। উপরন্তু যে কজন যন্ত্রশিল্পী তাঁকে সহযোগিতা করেছেন, তাঁদের যন্ত্র বাদনেও গানটির স্বরলিপি ছাড়া আর কিছু বাজেনি। অর্থাৎ, কোনো রকম সংযোজন বা নিরীক্ষা ছাড়াই গানটি গাওয়াতে এর সুর এবং বাণী আমাকে স্পর্শ করেছে। আমি মুগ্ধ হয়েছি।গানটি সোহিনী সঞ্চারী থেকে গেয়েছে। এতে একটু নিয়মের ব্যত্যয় ঘটেছে বটে; তবে তাতে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো যায় না। কারণ, পুরো গানটিতে ভালো দিক এত বেশি যে, এ ব্যত্যয় খুব নগণ্য বলে মনে হয়েছে আমার কাছে।একটু যদি পেছনের দিকে যাই আমরা কী দেখব? সমাজের শিক্ষিত সংস্কৃতিমান মানুষ রবীন্দ্রনাথ এবং বাঙালির গর্ব আরও অনেক কবি, গীতিকারের সৃষ্টিকর্ম ইত্যাদি নিয়ে চিরকাল চর্চা করে আসছেন। আকাশ সংস্কৃতি আর ইন্টারনেটের যুগে তরুণ প্রজন্ম বিশ্বের নানা রকম সংগীতের সঙ্গে পরিচিত হচ্ছে। বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চা শুদ্ধভাবে হয় বলে পশ্চিমবঙ্গ ও বিশ্বের সব বাংলা ভাষাভাষীর মানুষ সব সময়ই সপ্রশংস স্বীকৃতি দিয়ে এসেছে। ভারতে বিশ্বভারতী সংগীত বোর্ডের রবীন্দ্রসংগীতের ওপর কপিরাইট উঠে যাওয়ার পর একই সঙ্গে কিছু যোগ্য সংগীতশিল্পী এবং অন্তরে সংগীত ধারণ করেন না, এমন কিছু মানুষ রবীন্দ্রসংগীতকে নিয়ে নিরীক্ষা শুরু করেন। সেই নিরীক্ষাগুলো ফলপ্রসূ না হওয়ায় (স্বাভাবিকভাবে) তাঁরা পরবর্তী সময়ে আর এই অপচেষ্টা করেননি। ইদানীংকালেও কয়েকটি গান নিয়ে একই প্রবণতা দেখা যাচ্ছে।এ বিষয়ে একজন সচেতন বাঙালি হিসেবে আমি মনে করি, শুধু রবীন্দ্রনাথ কেন, আজকে বাংলাদেশের তরুণতম গীতিকার বা সুরকারের কোনো গান নিয়েও অন্যের নিরীক্ষা করার কোনো অধিকার নেই। এ ক্ষেত্রে আমি নিরীক্ষা বলতে কোনো গানের প্রকৃত সুর ও ছন্দের রূপটিকে যে কোনোভাবে পরিবর্তন বা পরিবর্ধন করাকে বুঝিয়েছি।একই পরিপ্রেক্ষিতে অত্যন্ত স্বাধীনভাবে গানটি গেয়ে সোহিনী এই তরুণ প্রজন্মের সুস্থ চিন্তা, শুভবোধ ও সততাকে উপস্থাপন করেছে। তরুণ প্রজন্ম যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আমরা যারা আমাদের সংস্কৃতির ধারা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদের জন্য এটি একটি আনন্দের বিষয় বলে গণ্য হবে। জয় হোক তরুণ প্রজন্মের, যারা তাদের শিকড়ের সন্ধান করতে আগ্রহী এবং বাঙালির সংস্কৃতির ধারা বহন করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ।