‘ক্ষ’-এর ‘আমার সোনার বাংলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বর মাসে লন্ডনভিত্তিক বাংলা গানের ব্যান্ড ‘ক্ষ’ ‘আমার সোনার বাংলা...’ গানের একটি মিউজিক ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে। গানটি ইন্টারনেটে ছাড়ার পরপরই তা ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে কয়েক হাজারবার শেয়ার হয় এবং অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী গানটি দেখেন ও শোনেন। এর পরই আলোচনা শুরু হয় ভার্চুয়াল জগতে। গানটি নিয়ে এখনো চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ক্ষ গানটা যেভাবে গেয়েছে, তাতে আমাদের জাতীয় সংগীত যথাযথভাবে গাওয়া হয়নি, সুর বিকৃত হয়েছে—এমন অভিযোগও উঠেছে। আবার অনেকের কাছে গানটা ভালো লেগেছে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের পুরো আবেগ পৌঁছে দিতে পেরেছে এই গান—এমন মতামতও আছে। ক্ষ-এর গাওয়া ‘আমার সোনার বাংলা...’ গানটি নিয়ে আমরা কথা বলেছি সংগীতশিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ এবং ক্ষ-এর মুখ্য কণ্ঠশিল্পী সোহিনী আলমের সঙ্গে। আর এ বিষয়ে লিখে পাঠিয়েছেন সংগীতশিল্পী মিতা হক। সবার বক্তব্য এখানে তুলে ধরা হলোতপন মাহমুদ, সংগীতশিল্পীকদিন আগে মাছরাঙা টেলিভিশনে হঠাৎ করেই সোহিনী আলমের সাক্ষাৎকার শুনলাম। মেয়েটি কিন্তু একবারও বলেনি ও জাতীয় সংগীত গেয়েছে। আর ও সঞ্চারী থেকে ধরেছে। ফলে, এটা জাতীয় সংগীত হয় না। নিয়ম মেনে জাতীয় সংগীত হয় গাইতে হবে, নয়তো বাজাতে হবে। বিশ্বভারতীর মূল স্বরলিপিতে গেয়েছে সোহিনী। স্বরলিপিতে তার অসাধারণ দক্ষতাও বোঝা গেছে। ‘আমার সোনার বাংলা’—এই রবীন্দ্রসংগীতকে বাংলাদেশ ১৯৭২ সালে যখন জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে, তখন একটা কমিটি গঠন করা হয়। সমর দাসের নেতৃত্বে এর স্টাফ নোটেশন তৈরি করা হয়। এটা এমনভাবে করা হয়, যাতে সবাই সহজে জাতীয় সংগীত গাইতে পারে। ‘আমার সোনার বাংলা’ থেকে শুরু করে প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত, যা ১৯৭২ সালে জাতীয় সংসদে অনুমোদিত। জাতীয় সংগীত নিয়ে কোনো ফিউশন চলে না। জাতীয় সংগীত গাইতে হলে নিয়মটা মানতে হবে। আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সংগীত ‘জন-গণ-মন...’ গাই না, তেমনি ওরাও ‘আমার সোনার বাংলা’ গায় না।ক্ষ-এর এ গান জাতীয় সংগীত নয়। এটা ‘কি শোভা...’ থেকে শুরু হয়েছে। বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত যে প্রজন্ম বড় হচ্ছে, তারা এ গান শুনে বিভ্রান্ত হতে পারে। বিশ্বভারতীর কপিরাইট মেয়াদ শেষ হওয়ার পর রবীন্দ্রসংগীত নিয়ে কেউ কেউ ফিউশন করছে, কিন্তু জাতীয় সংগীত নিয়ে এই সুযোগ একেবারেই নেই। আমি মনে করি, রবীন্দ্রনাথের গান নিয়ে ফিউশন করা উচিত নয়, আর আইনত জাতীয় সংগীত নিয়ে অন্য কোনো কিছুই করা যাবে না।সাদী মহম্মদ, সংগীতশিল্পীসব গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে করুক, কিন্তু জাতীয় সংগীত গাইতে গেল কেন? সঞ্চারী থেকে শুরু করতে গেল কেন? জাতীয় সংগীত নিয়ে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করার অবকাশ নেই। যেহেতু জাতীয় সংগীত নিয়ে সংবিধানে স্পষ্ট বিধান আছে,তাই এ নিয়ে কিছু করা যায় না। ক্ষ এ ক্ষেত্রে অন্যায় করেছে। এই গান শুনে কেউ যদি সামান্য বৈচিত্র্যও খুঁজে পায়, কারও যদি একটুও ভালো লাগে, তবে আমি বলব, দেশপ্রেম তার মধ্যে নেই।সোহিনী আলম, মুখ্য কণ্ঠশিল্পী, ক্ষ[দুই বন্ধু সোহিনী আলম ও অলিভার উইকস বাংলা গানের চর্চা করতেন। তাঁদের উদ্যোগে ২০০৭ সালে শুরু হয় লন্ডনভিত্তিক বাংলা গানের দল ক্ষ-এর যাত্রা। ক্ষ ব্যান্ডে আরও আছেন চারজন বিদেশি। ক্ষ-এর শ্রোতা মূলত বিদেশিরা। তাঁদের কাছে নানা রকম বাংলা গান পৌঁছে দেওয়াই ক্ষ-এর উদ্দেশ্য। এখন পর্যন্ত ক্ষ ‘আমার সোনার বাংলা...’ গানটি আনুষ্ঠানিকভাবে ছেড়েছে। গত বছরের মার্চে প্রথম এ গানটির অডিও ছাড়া হয় নেটে। তখন এটি বেশি আলোচনায় আসেনি। কিন্তু ডিসেম্বরে গানটির ভিডিও ছাড়ার পর এটি আলোচনায় উঠে আসে। সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন ক্ষ-এর মুখ্য কণ্ঠশিল্পী সোহিনী আলম। ৩ ফেব্রুয়ারি কথা হয় তাঁর সঙ্গে। এই গান নিয়ে তিনি বলেছেন তাঁর কথা।]ক্ষ শুরু করার পর আমরা অনেক বাংলা গান নিয়ে কাজ শুরু করি। ‘আমার সোনার বাংলা’ও ছিল তার মধ্যে। তাহমিমা আনামের এ গোল্ডেন এজ উপন্যাসের একটা ড্রামাটিক রিডিং পরিবেশিত হবে। তখন এ বইয়ের অনুবাদক লিসা গাজী সেই পরিবেশনায় আমাদের ‘আমার সোনার বাংলা’ গানটি গাইতে বলেন। তখন আমরা বসে ঠিক করি কীভাবে গানটি করা হবে। অলিভার উইকস গিটারে ‘আমার সোনার বাংলা...’ বাজাতে থাকবেন, আমি সঞ্চারী থেকে ধরব। ওই পরিবেশনায় আমরা ‘পূর্ব দিগন্তে’ও গেয়েছি। আমরা কিন্তু জাতীয় সংগীত হিসেবে গানটি গাইনি। আমার চেষ্টা ছিল আসল গানটি গাওয়ার। আমি যথেষ্ট আবেগ ও শ্রদ্ধা দিয়েই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আমার সঙ্গে যাঁরা বাজাচ্ছিলেন, তাঁরাও আবেগ দিয়ে বাজাচ্ছিলেন। আমাদের কোনো ধরনের খারাপ ইনটেনশন ছিল না। জাতীয় সংগীতের নির্দিষ্ট নিয়ম বা আইন থাকলে, আমাদের এ গান তো জাতীয় সংগীত হয়নি। আর যাঁরা এখন বা ভবিষ্যতে শুনবেন, তাঁরাও তো বুঝবেন যে এটা জাতীয় সংগীত নয়। আমি মনে করি, আমাদের দেশের সংস্কৃতি বা ইতিহাস এত ঠুনকো নয় যে একটা গান গাইলেই তা নষ্ট হয়ে যাবে। একেকটা গানের অনেক রকম ভার্সন থাকে। গায়কি কেমন হবে, সেটা তো অন্য বিষয়। পশ্চিমবঙ্গে তো বাঙালিরা গানটি রবীন্দ্রসংগীত হিসেবেই গায়।গানটি যে গেয়েছে—অর্থাৎ আমি কিন্তু দাঁড়িয়েই গেয়েছি। যাঁরা বাজিয়েছেন, তাঁদের কেউ কেউ বসে বাজিয়েছেন। ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ওয়ার্ল্ডে জাতীয় সংগীতের সময় বাদকেরা বসেই বাজান। আমাদের বাংলা গানের শ্রোতারা অবাঙালি। আমি তাঁদের আমার প্রিয় গান আগে শোনাই। তাঁদের বলি, ‘দেখো, তোমাদের ভালো লাগে কি না।’ সেভাবেই এই গানটি শোনাতে চেয়েছি। আনন্দ প্রতিবেদক