'কয়লা'তে মৌসুমী ও রওনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ, রওনক হাসান
মৌসুমী হামিদ, রওনক হাসান

নাট্য পরিচালক সুমন আনোয়ার কয়লা নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন বেশ আগেই। তবে শিল্পীর তালিকা চূড়ান্ত না হলেও ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয়ের ব্যাপারে মোশাররফ করিম, মৌসুমী হামিদ ও রওনক হাসানের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার দুপুরে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন মৌসুমী হামিদ ও রওনক হাসান। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
কয়লা ছবিতে মৌসুমীর চরিত্রের নাম হবে ময়না। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর মুঠোফোনে তাঁর অনুভূতি জানিয়েছেন মৌসুমী হামিদ। তিনি বলেন, ‘পরিচালকের মুখ থেকে ছবির গল্প আগেই শুনেছি। চিত্রনাট্যটি পাওয়ার পরপরই আমার চরিত্রের সব সংলাপ মুখস্থ করে ফেলেছি।’
এ ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হলেও এখনো চুক্তিবদ্ধ হননি মোশাররফ করিম। সুমন আনোয়ার বলেন, ছবিতে মোশাররফ করিমের অভিনয় শতভাগ নিশ্চিত। শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। ছবিতে রওনকের বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
সুমন আনোয়ার কয়লার গল্প নিয়ে বলেন, জেলেপাড়ার মানুষের জীবনের গল্প নিয়ে ছবির কাহিনি। ছবির একটি অংশে চোরাইপথে স্বপ্নের বিদেশ যাত্রায় দুঃস্বপ্নের চিত্রও ফুটে উঠবে। সুমন জানান, গল্প নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করে কাজটি শুরু করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে বললেন, ‘গল্প ও চিত্রনাট্য—দুটি কাজই সময় নিয়ে করেছি। এটি প্রথম সিনেমা। তাই ভালো কিছু করার চেষ্টা থাকবে।’ পরিচালক জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে কুয়াকাটায় শুটিং শুরু হওয়ার কথা আছে।