‘খারাপ’ মানুষের গল্প
আমজনতার কাছে তাঁরা খুবই ‘খারাপ মানুষ’, ‘শয়তান’। সিনেমায় খারাপ মানুষের চরিত্রে অভিনয় করতে গিয়ে কখনো তাঁরা নায়িকাকে ধরে আনেন, অট্টহাসিতে ফেটে পড়তে পড়তে নায়ককে বিপদে ফেলেন, ঢিসুম ঢিসুম দিয়ে জানিয়ে দেন খলনায়কের ক্ষমতা। কিন্তু এখানেই কি তাঁদের কার্যক্রম শেষ? না, ‘ভিলেন’ শব্দের মান রাখতে কখনো তাঁরা জ্বালিয়ে ছারখার করে দেন জনসাধারণের ঘরবাড়ি। পুরো সিনেমা দাপিয়ে এতসব কর্মকাণ্ড যাঁদের, তাঁদের নামের পাশে ‘মন্দ মানুষ’-এর তকমা না এঁটে উপায় কী! মন্দ মানুষ হিসেবে খ্যাত মিশা সওদাগর ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে প্রথম আলো কার্যালয়ে সেদিন আমাদের আড্ডা যখন শুরু হলো, তাঁদের মুখে তখন শিশুর সারল্যমাখা ভালো মানুষের হাসি। সম্প্রতি দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন—মিশা সওদাগর বস নাম্বার ওয়ান ও শতাব্দী ওয়াদুদ পেয়েছেন গেরিলা ছবির জন্য। আড্ডায় এ প্রসঙ্গগুলো আসতেই দুজনের সারল্যময় হাসির রেখা যেন আরও খোলতা হলো। প্রথমেই মিশা সওদাগর বললেন, ‘নেগেটিভ রোল অলওয়েজ ফেমাস।’ এটুকু বলার পর থামার কোনো লক্ষণ দেখা গেল না ৮০০-এর বেশি চলচ্চিত্রে খারাপ মানুষের চরিত্রে অভিনয় করা এই অভিনেতার মধ্যে, বরং যোগ করলেন আরও একটু, ‘খলনায়ক মানে সুপার পাওয়ার, অ্যাকশন, রি-অ্যাকশন, চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। একটি চলচ্চিত্রে নায়ককে পনেরো রিল পর্যন্ত দৌড়াতে থাকি আমি।’ ভিলেনের পক্ষে মিশা যখন একনাগাড়ে বলে যাচ্ছেন, শতাব্দী তখন সায় জানাচ্ছেন সেই কথায়। মন্দ মানুষের চরিত্রে একজন পুরোনো, আরেকজন একেবারেই নতুন। শতাব্দী তাই বলেন, ‘মিশা ভাইয়ের কথা একদম ঠিক। চলচ্চিত্রের মিলনাত্মক পরিসমাপ্তির জন্য ছবির কেন্দ্রে অবস্থান করে অনেক বাঁকা ঘটনা তৈরি করে খলনায়ক। সে হলো সিনেমার বাজে অনুঘটক। তাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না।’ চলচ্চিত্রে শতাব্দীর শুরু অবশ্য ভিলেন হিসেবে নয়, শুরুটা নিরন্তর ছবির মাধ্যমে। তেমনই এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে সিনে পর্দায় মিশার আবির্ভাব হয়েছিল নায়ক হিসেবে। ‘তখন তো আমাদের চলচ্চিত্রে তরুণ বয়সী নায়কদের চল শুরু হয়নি, রাজ্জাক, আলমগীর, জসীম—বারবার এঁরাই নায়ক চরিত্রে ঘুরেফিরে আসতেন। অগত্যা আমাকে তাই আশা ভালোবাসা ছবির মাধ্যমে খলনায়ক হিসেবে নতুন করে শুরু করতে হলো।’ নিজের শুরুর দিকের কথা বলছেন মিশা। এই নামের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর শাহিদ হাসান নামটি। তিনি বলেন, ‘এ টি এম শামসুজ্জামান, রাজীব, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু—অনেক শিখেছি তাঁদের কাছে। তবে হুমায়ুন ফরীদি আমার আত্মিক ওস্তাদ। বাংলাদেশের খলনায়কদের পারিশ্রমিক ও সম্মান বাড়িয়ে তুলেছেন তিনি। আমি যখন শুরু করি, খলনায়ক হিসেবে তখন প্রচণ্ড দাপট তাঁর। আমাকে একদিন বললেন, “আমি যে ছবিতে থাকব, সেই ছবিতে আমার সঙ্গে খবরদার কাজ করবি না। কারণ, পুরো ছবিতে আমার ওপরেই তো ফোকাস থাকবে, তুই সেখানে নাই হয়ে যাবি।”’কথা বলতে গিয়ে মিশা সওদাগরের চোখ কি খানিকটা ভিজে উঠল? অনেকক্ষণ নিশ্চুপ শতাব্দী বলেন, ‘আসলে মিশা ভাই যাঁদের কথা বললেন, এঁরা সবাই আমারও অনুপ্রেরণা। আর অনুপ্রেরণা মিশা ভাই।’ কথাটি বলার পর যোগ করলেন আরও একটি বাক্য, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আমাকে প্রথম ফোনটি কিন্তু মিশা ভাই-ই করেছেন।’ কৃতজ্ঞতার অভিব্যক্তি শতাব্দীর চোখেমুখে।আড্ডা-আলাপে খলনায়ক হিসেবে নিজের একটি অস্বস্তিকর ঘটনার কথা জানাতেও ভুললেন না শতাব্দী, ‘পয়লা বৈশাখের দিন গেরিলার কলাকুশলী সবাই মিলে স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে গিয়েছি। ছবি শেষে কাঁদতে কাঁদতে আমাদের সামনে এলেন একজন। ১৯৭১ সালে পাকিস্তানিদের হাতে মারা গিয়েছেন তাঁর বাবা। আবেগে একে একে সবাইকে জড়িয়ে ধরছেন তিনি। আমি তাঁর কাছে এগিয়ে গেলাম। তিনি আমায় বললেন, “আমার সঙ্গে কথা বলবা না।”’মিশা সওদাগরের জীবনে এ রকম খারাপ লাগার ঘটনা কম নয়। ‘খলনায়ক হিসেবে আমার তখন সবে শুরু হয়েছে। একদিন স্ত্রীর সঙ্গে মগবাজার মোড় দিয়ে যাচ্ছি। এমন সময় কানে এল এক ফুলবিক্রেতার কণ্ঠস্বর, “ওই যে বদমাশটা যায়, লুচ্চাটা যায়।” শুনে তো আমার মাথা গরম। অনেক কষ্টে সামলেছিলাম নিজেকে।’নিজের কথায়, স্মৃতিচারণায় শতাব্দীর সঙ্গে হেসে উঠলেন মিশাও। পরক্ষণে এই দুই মন্দ মানুষের মুখে শোনা গেল, ‘মানুষের এই কথাগুলো তো আমাদের জন্য পুরস্কারই।’ আবারও হাসছেন তাঁরা। কথা বলছেন, হাসছেন, কথা বলছেন...পর্দার ‘খারাপ মানুষ’-এর ভেতর বাস্তবের ভালো মানুষ দুজনের গল্পের আড্ডা যেন আর শেষই হচ্ছে না!