
দুপুর ১২টা। আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি নেই। কড়া রোদে সুতীব্র উষ্ণতা। এফডিসির প্রধান সড়ক ফাঁকা। কিন্তু সড়কের মাথায় মানে চিত্রনায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের ফাঁকা জায়গাটা আজ যেন কিছুটা অন্য রকম। বড় বড় বাড়িঘর, দোকানপাট, পার্কসহ অনেক কিছুই গড়ে উঠেছে এখানে—রাতারাতি এই জায়গার এমন পরিবর্তন! প্রথম দেখায় একটু হোঁচট খেতে হয় বৈকি! কাছে গিয়ে দেখা গেল, এলাহি কাণ্ড—থ্রি স্টার হোটেলেরও সাইনবোর্ড ঝুলছে সেখানে! সব মিলিয়ে একটা শহুরে পরিবেশ। কিন্তু এসব কেন?
একজনকে জিজ্ঞাসা করতেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল। তিনি বলেন, মালেক আফসারীর ফুল অ্যান্ড ফাইনাল ছবির শুটিংয়ের সেট এটি। এবার ঢুকলাম ওই শহুরে পরিবেশের ভেতরে।
একটি ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা তানভিরকে তাক করে ক্যামেরা চলছে। ‘কাট, কাট...। ওভাবে না তানভির। খুব নরমভাবে সংলাপগুলো বলে যাও। তুমি এখানে আসামি ধরতে এসেছ—গোয়েন্দা অফিসার। কিন্তু তোমার হাবভাবে কেউ যেন জানতে না পারে।’ তানভিরকে বলেন মালেক আফসারী। ‘কোয়াইট। আমরা যাই। তানভির, এবার কিন্তু এক শটেই দৃশ্যটি নিতে হবে।’—মনিটরের সামনে বসতে বসতে আবার মালেক আফসারীর কথা। কোনো সমস্যা ছাড়াই দৃশ্যটি এবার ধারণ হলো।
কথা বললাম পরিচালকের সঙ্গে। ‘এখানে বেশ কয়েকটি দৃশ্য ধারণ হবে। ছবির জন্য একটা শহরের পরিবেশ তৈরি করা হয়েছে। কাঠ দিয়ে থ্রি স্টার হোটেল বানানো হয়েছে। এই সেট নির্মাণ করতে খরচ হয়েছে অনেক।’—বলেন তিনি।
এর মধ্যে সহকারী পরিচালক মিরাজ এসে পরিচালককে পরের দৃশ্যের ব্যাপারে বললেন। পরিচালক বলেন, ‘হিরোকে ডাকো। দৃশ্যের সব কিছু বুঝিয়ে দাও তাকে।’
২.
চিত্রনায়ক জসীম ফ্লোরের সামনে বেশ জটলা। দূর থেকেই তা দেখা গেল। সামনে ৭ নম্বর ফ্লোর। পাশেই আরেকটি দোতলা বাড়ি। বাড়ির নিচে মনিটরে চোখ রেখে বসে আছেন গাজী শুভ্র। ক্যামেরার লেন্স বাড়িটির বাইরের সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে হাসতে হাসতে নামছেন শখ। ইউনিটের একজন জানান, একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং হচ্ছে। এবার মনিটর থেকে চোখ সরিয়ে শুভ্র শখকে বলেন, ‘যেমনভাবে হাসছিলেন, একইভাবে হাসতে হাসতে নামবেন। আরও দুবার এই শট নেব।’
কথার ফাঁকে ইউনিটে এসে হাজির নোবেল। অনেকখানি শুকিয়েছেন তিনি। একজন বলেন, ‘নোবেল ভাইয়ের শরীরের ওজন ১০ থেকে ১২ কেজি কমেছে।’ শুনেই নোবেলের হো হো হাসি। নোবেল বলেন, ‘আরে না, ছয় থেকে সাত কেজি কমেছে।’
হঠাৎ জসীম ফ্লোরের সামনে থামল একটি গাড়ি। গাড়ি থেকে নামছেন শাকিব খান। নেমেই সোজা গেলেন গ্রিনরুমের দিকে। তাঁর পিছু পিছু গ্রিনরুমের মধ্যে ঢুঁ দিয়ে দেখি, ততক্ষণে তিনি খাবারের টেবিলে। বেলা তখন একটার ঘরে। আমাদের ঢুকতে দেখে এক পশলা হাসি দিয়ে তিনি বলেন, ‘এই হলো অভিনয়জীবন। বেলা বাজে একটা। এখন সকালের খাবার খাচ্ছি। খাওয়া শেষ করে সামান্য বিশ্রাম নেব। আবার শট দিতে দৌড়াতে হবে।’