'গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব' শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার করিডরে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে ছিল পথনাটক পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালার করিডরে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে ছিল পথনাটক পরিবেশনা l ছবি: প্রথম আলো

আজ শেষ হচ্ছে আট দিনের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানটি হবে।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ’-এর আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আজকের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসব কমিটির সদস্য সচিব আকতারুজ্জামান। তাঁরা জানাবেন আট দিনের উৎসবের বিস্তারিত বিবরণী। গতকাল ছিল উৎসবের সপ্তম দিন। এদিন শুরুতে নাট্যশালার বাইরে আয়োজিত সাংস্কৃতিক আয়োজনের শুরুতে ছিল পথনাটক।
এইচ আর অনিকের লেখা যদি কিছু মনে না করেন নাটকটিতে দেখা যায়, হাতুড়ে ডাক্তারদের নানা কর্মকাণ্ড এবং তাঁদের পরিণতি। এরপর ছিল গান ও কবিতা। ভারতীয় নাট্য ও আবৃত্তিশিল্পী তপতী ভট্টাচার্যের আবৃত্তি পরিবেশনাটি ছিল সাবলীল। তিনি পাঠ করেন দুই বাংলার কবি শামসুর রাহমান, বীরেন্দ্র চট্টোপাধ্যায় ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদের বাচিকশিল্পীরা। সমবেত প্রয়াসে উপস্থাপিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা। একক কণ্ঠে গান শোনান আশিকুর রহমান।
বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াতেই শুরু হয় নাটকের প্রদর্শনী। জাতীয় নাট্যশালা মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করে নিমজ্জন এবং পরীক্ষণ হলে চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করে কবি। সেলিম আল দীনের লেখা নিমজ্জন নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
অন্যদিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে কবি নাটকের নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।
আজ সোমবার সমাপনী অনুষ্ঠান ছাড়াও থাকছে নিয়মিত সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী আয়োজনের পর নাট্যশালা মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে প্রমিথিউস এবং পরীক্ষণ থিয়েটার হলে কলকাতার অনিক থিয়েটার মঞ্চায়ন করবে একুশের গল্প।