'গণ আদালত' প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

১৯৯২ সালের ২৬ মার্চ। লাখ লাখ মানুষ একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান তুলছে—‘ফাঁসি চাই, ফাঁসি চাই’। অস্থায়ী মঞ্চ থেকে গণ আদালত ঐতিহাসিক রায় ঘোষণা করল। জনতা সমস্বরে সেই রায়কে স্বাগত জানাল।
সেলুলয়েডে সেই মুহূর্তগুলো ধারণ করা হয়েছে ‘গণ আদালত’ নামের প্রামাণ্যচিত্রে। মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠান হলো। শুরুতেই দেখানো হয় ৩৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি। সেখানে উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে সেই আন্দোলনের ক্ষণগুলো। এখনো বেঁচে থাকা সেই সময়ের মানুষগুলো যেন মুহূর্তেই হয়ে উঠেছিলেন স্মৃতিকাতর।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে আইনের শাসনে উত্তরণের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দৃষ্টান্ত রাখল।’ তিনি এই বিচারকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি বিজয়, মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিজয় হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ২৪ বছর আগে ঘটে যাওয়া ঘটনাকে মনে করিয়ে দেওয়ার জন্য কাওসার চৌধুরীকে ধন্যবাদ। তবে আরও একটি চলচ্চিত্র থাকা দরকার। যেখানে সেই সময় থেকে এই সময় পর্যন্ত তাঁদের মধ্যে কে দায়িত্ব পালন করেনি, কে ব্যর্থ হলো। সেই সব নিয়েও কথা থাকবে।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘গণ আদালত শুধু বাংলাদেশেরই নয়, সারা পৃথিবীর যেকোনো দেশেরই গণদাবি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তিনি আশা করেন যাতে এই চলচ্চিত্রটি ডিভিডি আঁকারে প্রকাশ করে সারা বাংলাদেশের মানুষের কাছে সেই আন্দোলনের কথা যেন দেখাতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, শ্যামলী নাসরিন চৌধুরী, তৌহীদ রেজা নূর।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেন কাওসার চৌধুরী। প্রযোজনা করে প্রমিতিপ্রভা শ্রুতিলোকন কেন্দ্র।