‘গর্ব’র চূড়ান্ত অনুষ্ঠান ১৯ মার্চ
পোশাকশিল্পীদের সংগীতবিষয়ক প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য বিজিএমইএ এবং গানচিল আয়োজন করে প্রতিযোগিতার অনুষ্ঠান গর্ব। এরই মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন সেরা ১০ জন প্রতিযোগী। তাঁরা হলেন রোকসানা খাতুন, প্রিয়া দাশ, মেজবাহ উদ্দিন, মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, রাকিবুল হোসেন, শাহীন, পাভেল রহমান, সাগর রায় ও রাজীব। জানা গেছে, ১৯ মার্চ শনিবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বাংলাভিশনে।প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে আছেন সাবিনা ইয়াসমীন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আসিফ আকবর। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতার দিন থাকছেন না সাবিনা ইয়াসমীন। তিনি এখন আছেন ভারতে। গানচিলের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, ‘অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী এই তিন বিচারক সেরা ১০ জন প্রতিযোগীকে নির্বাচন করেছেন। এবার প্রথম থেকে দশম স্থান পর্যন্ত নির্বাচন করা হবে মুঠোফোন বার্তার ভোটের (এসএমএস) মাধ্যমে।’আসিফ ইকবাল আরও বলেন, ‘প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তানিয়া। তবে চূড়ান্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মুনমুন ও তানিয়া।’আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইপর্বে সারা দেশ থেকে অংশ নেন প্রায় ৩০ হাজার প্রতিযোগী। সেখান থেকে পর্যায়ক্রমে ১০ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন।