
রবীন্দ্রনাথের ৫০তম জন্মদিনের উৎসব চলছিল। অনুষ্ঠান শেষে একটি ছোট্ট বালিকাকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই যখন তাঁকে খুঁজতে নেমে গেলেন। রবীন্দ্রনাথও অস্থির হয়ে নেমে পড়েছিলেন সেই দলে। একপর্যায়ে খবর পাওয়া গেল, শিশুটি তাঁর এক আত্মীয়ার সঙ্গে বেড়াতে চলে গেছে কোথাও। খবর পেয়ে রবীন্দ্রনাথ ঘরে ফিরে এলেন। বালিকাটিকে খুঁজে পাওয়ার আনন্দে সেই সন্ধ্যায় তাকে ঘিরে শুরু হলো আরেক গানের আসর। এর কিছুদিন আগে রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন। এই আসরে তিনি স্বয়ং গাইলেন ‘ওই আসন তলে’ গানটি।
রবীন্দ্রনাথের প্রতিটি গানের পেছনে এ রকম একটি গল্প আছে। গল্পগুলো জানা থাকলে, গানগুলোর প্রতি অনুরাগ আরও খানিকটা বেড়ে যায়।
গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ রকমই এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে উত্তরায়ণ। রবীন্দ্রনাথের গান ও সেগুলোর গল্প নিয়ে ‘গল্প গানে রবীন্দ্রনাথ’ নামের এই আয়োজনে দলীয় কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি সংস্কৃত ও একই সঙ্গে বাংলায় গেয়ে শোনান সংগঠনের শিল্পীরা। পেছনের পর্দাজুড়ে ঠাকুরবাড়ির দেউড়ি-খিড়কি—মঞ্চ ও সেট সজ্জায়ও সেসবের নিদর্শন। দর্শকদের চোখের সামনে যেন এক টুকরো ঠাকুরবাড়ি। মৃদঙ্গ, বাঁশি ও বেহালার সমন্বিত একটি সুর পরিবেশনার পর মঞ্চে আসেন অনুষ্ঠানের গবেষক, পরিকল্পক ও নির্দেশক লিলি ইসলাম।
শিল্পীরা ‘আমার প্রাণের পরে’, ‘আমি নিশিদিন তোমায় ভালোবাসি’, ‘ওলো সই ওলো সই’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘শূন্য হাতে ফিরি হে’সহ মোট ২০টি গান শোনান শিল্পীরা, তুলে ধরেন সেগুলোর পেছনের গল্প। পর্দায় তুলে ধরা হয় গানটি রচনার সময়ের বয়স, সাল, রচনাস্থান, ধরন, রাগ।
এই গীতি-আলেখ্যে অংশ নেন লিলি ইসলাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। আর এই অসাধারণ অনুষ্ঠানে বাদ্য বাজান বিপ্লব মণ্ডল, সন্দীপন গাঙ্গুলী, সোম্য জ্যোতি ও পার্থ প্রতিম।
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজনটি করে রবীন্দ্রসংগীতের সংগঠন উত্তরায়ণ।