‘গহিনে শব্দ’ ছবির প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিদ মাহমুদ মিঠুর ছবি গহিনে শব্দ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ছবিটির প্রচারণার কাজ শুরু করলেন মিঠু। বললেন, ‘আমি ১৯৮৫ সালে এ অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে পাস করেছি। এখান থেকেই আর্ট, লাইট, ক্যানভাস—সব শিখেছি। আজ দেশে-বিদেশে যাঁরাই আমাকে যতটুকু চেনেন, এর জন্য এ প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। আমি প্রথম চলচ্চিত্র তৈরি করেছি। আর এর প্রচারণার কাজ এখান থেকেই শুরু করার সুযোগ পেয়ে আরও বেশি ভালো লাগছে।’তিনি জানালেন, গহিনে শব্দ ছবির গল্পের শুরুটাই হয়েছে এই চারুকলা থেকে।চারুকলা অনুষদের লেকচার থিয়েটার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মিঠু ও তাঁর কাজকে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন অধ্যাপক নেসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিন আবুল বারাক আলভী, ছবির শিল্পী ইমন, হায়দার হোসেন, শামস সুমন ও কলাকুশলীরা।ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গহিনে শব্দ ছবির ১০ মিনিটের একটি প্রচারণার অংশ এখানে দেখানো হয়। পরিবেশক-প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র সূত্রে জানা গেছে, শুরুতেই বলাকা, মধুমিতা ও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায়ও পর্যায়ক্রমে তা মুক্তি দেওয়া হবে।