'গান আমার একমাত্র ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজা। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় সেরা সাতে ছিলেন তিনি। সংগীতা থেকে এসেছে তাঁর নতুন অ্যালবাম পূজা রিটার্নস।

পূজা
পূজা

পূজা, শুনলাম আপনি নাকি মালয়েশিয়া থেকে ফিরেছেন?
হ্যাঁ। আমার নতুন অ্যালবাম পূজা রিটার্নস-এর একটি গানের মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলাম। গানটির শিরোনাম ‘কেন বারে বারে’। এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। তিনিও আমার সঙ্গে গিয়েছিলেন। আমার আগের দুটি অ্যালবামের মিউজিক ভিডিওর শুটিং করেছিলাম বাংলাদেশে।
মিউজিক ভিডিও এত গুরুত্বপূর্ণ হলো কেন?
গান এখন শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেখারও ব্যাপার। ইদানীং একটি গান ভালো মিউজিক ভিডিওর মাধ্যমে খুব দ্রুত সবার কাছে পৌঁছে যায়।
‘পূজা রিটার্নস’ অ্যালবাম নিয়ে কিছু বলুন।
পূজা রিটার্নস আমার তৃতীয় একক অ্যালবাম। এখানে আধুনিক গানের পাশাপাশি বাণিজ্যিক ঘরানার গানও রেখেছি। আরও আছে রক, স্যাড রোমান্টিক ও দেশের গান। কয়েকটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান, আরফিন রুমী ও কাজী শুভ।
গানের খবর তো জানা হলো। আপনার পড়াশোনার কী খবর?
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সেভেন সেমিস্টারে পড়ছি। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব।
তাহলে গানের কী হবে?
আমার মা একসময় দারুণ গান করতেন। পরিবারকে সময় দিতে গিয়ে তাঁর সংগীতচর্চা থেমে যায়। মা তাঁর সেই স্বপ্ন আমাকে দিয়ে পূরণ করতে চান। গান আমার একমাত্র ভালোবাসা। গানের পাশাপাশি অন্য সব কাজ সমানতালে চলবে।
ইদানীং কী নিয়ে ব্যস্ত আছেন?
দুটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। চলচ্চিত্রগুলো হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাঁটা আর আশিকুর রহমানের কিস্তিমাত।
বিনোদন প্রতিবেদক