‘গানটির সঙ্গে নিয়মিত সংসার করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফ আকবর। সংগীতশিল্পী। তিন বছর বিরতির পর বাজারে এসেছে তাঁর একক অ্যালবাম। নাম এক্স প্রেম। অ্যালবামটির পরিবেশনা আর বিপণনের দায়িত্ব নিয়েছে দেশের ১৮টি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্স প্রেম...এক্স প্রেম আমার ২৯তম একক অ্যালবাম। অ্যালবামের গানগুলো তৈরির আগেই নাম চূড়ান্ত করেছিলাম। আর ‘এক্স প্রেম’ গানটির রেকর্ডিং হয়েছে সব শেষে। আসিফের এক্স প্রেম?...আমার প্রথম একক অ্যালবামে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটির পর আমাকে ‘এক্স প্রেম’ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সত্যি বলছি, আমার এক্স কোনো প্রেম নেই। আমার গানে যাঁদের কথা বলা হয়েছে, তাঁদের সম্পর্কে গীতিকারেরাই ভালো বলতে পারবেন। ফিরে এলাম ...ফিরে তো আমি আসতামই। তবে আমার হঠাত্ করে গানের জগত্ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তে সে সময় অনেকেই অবাক হন। এ ছাড়া সবার কাছ থেকে গানে ফেরার জন্য এক রকম চাপও ছিল। সবার আগ্রহ এবং চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে গানে ফিরতে বাধ্য হলাম। এখন থেকে নিয়মিতই গান করব। সলিল চৌধুরীর ‘শোনো কোনো এক দিন’ক্লাস থ্রি-ফোর থেকে এই গানটি আমি গাইতাম। টানা ৩২ বছর ধরে গানটির সঙ্গে নিয়মিত সংসার করছি। এমন কোনো দিন নেই, যেদিন আমি এই গানটি শুনিনি কিংবা গুনগুন করে মনের অজান্তে গাইনি। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে গানটি গেয়েছি। এই গানটি আমার অসম্ভব পছন্দের। তাই গানটি নতুন করে রেকর্ড করেছি। ‘এক্স প্রেম’ অ্যালবামের নতুনত্ব...অ্যালবামটির বিপণনের দায়িত্ব নিয়েছে দেশের ১৮টি প্রযোজনা প্রতিষ্ঠান। এই অ্যালবামটি ‘আমার’ অ্যালবাম নয়; এটি সারা দেশের অ্যালবাম। দেশের অডিওশিল্পকে বাঁচানোর জন্য একটি বিপ্লব। অ্যালবাম বিক্রির আয়ের অর্ধেক ব্যয় করা হবে পাইরেসিবিরোধী আন্দোলনের কাজে। মুঠোফোনে ‘এক্স প্রেম’...আগামী দুই মাস গ্রামীণফোনের গ্রাহকেরা এক্সক্লুসিভলি এক্স প্রেম অ্যালবামের গানগুলো শুনতে পাবেন ও ডাউনলোড করতে পারবেন। তারপর অন্য অপারেটরগুলোতে গানগুলো শোনা যাবে। মনজুর কাদের