‘গানে গানে বাঁধা এ বিশ্ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গানে গানে বাঁধা এ বিশ্ব’ স্লোগান নিয়ে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের সংগীত উৎসব। বিশ্বসংগীত দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসবে সহায়তা করেছে শিল্পকলা একাডেমী।সংগীতের তাৎপর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্বসংগীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন থেকে গোটা ইউরোপে এবং পরে সারা বিশ্বে নানা আয়োজনে উদ্্যাপিত হয় দিনটি। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ২০০৮ সাল থেকে নিয়মিত বিশ্বসংগীত দিবস উপলক্ষে সংগীত উৎসবের আয়োজন করে আসছে।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সামনে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন ও রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ আ বা ম নূরুল আনোয়ার। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দেশের সংগীতশিল্পীদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন শ্রীলঙ্কার আমন্ত্রিত শিল্পীরা। শোভাযাত্রাটি প্রেসক্লাব হয়ে শিল্পকলায় এসে শেষ হয়। শিল্পী শাহীন সরদার ও সঞ্জয় রায় এ সময় তিনটি গান পরিবেশন করেন। শোভাযাত্রা শেষে শিল্পীদের মধ্যে ছিল রাখিবন্ধন।এরপর জাতীয় নাট্যশালায় শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি তপন মাহমুদ। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদ আকবর।আলোচনায় অংশ নেন শেখ সাদী খান, ইন্দ্রমোহন রাজবংশী, কুমার বিশ্বজিৎ, আলাউদ্দিন মিয়া, ফাতেমা-তুজ-জোহরা, মুন্সী ওয়াদুদ, মাহমুদ সেলিম, বুলবুল মহলানবীশ, ফাহিম হোসেন চৌধুরী ও সুজিত মোস্তফা।আলোচনার পর থেকে শুরু হয় গানের পালা। এতে সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে সুরের ধারা ও সুরতীর্থ। নজরুলসংগীত পরিবেশন করে নজরুলসংগীত শিল্পী পরিষদ ও হিন্দোল সংগীত একাডেমি। গণমানুষের গান গেয়ে শোনায় উদীচী শিল্পীগোষ্ঠী এবং জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা। লোকসংগীত পরিবেশন করে বাঁশুরিয়া শিল্পীগোষ্ঠী। কবিতার গান করে সারগাম ললিতকলা একাডেমি।ছিল শ্রীলঙ্কা থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। যন্ত্রসংগীতে বেহালায় সুরমূর্ছনা তোলে ভায়োলিনিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা একাডেমি।