ক থো প ক থ ন: পড়শী। ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় ২০০৮ সালে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। ঈদ উপলক্ষে বাজারে এসেছে তাঁর নতুন একক অ্যালবাম। নাম পড়শী থ্রি। বাজারে এনেছে জি-সিরিজ
'গানের মাঝে হারিয়ে যেতে চাই'

‘পড়শী থ্রি’...
পড়শী থ্রি অ্যালবামে গান আছে ১১টি। অ্যালবামের গানগুলোর মধ্যে আধুনিক, রক, মেলোডিয়াস, ওয়েস্টার্ন ও স্যাড প্রাধান্য পেয়েছে। আমি ইদানীং অনুপ বড়ুয়া স্যারের কাছে শাস্ত্রীয় সংগীতের ওপর তালিম নিচ্ছি। তাই নতুন অ্যালবামে শাস্ত্রীয় সংগীতের প্রভাবও থাকবে।
‘পড়শী থ্রি’র বিশেষত্ব...
আমার নতুন অ্যালবামের বিশেষত্ব হচ্ছে, প্রথম দুটি অ্যালবামে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেছেন, তার ওপর এবার বেশি জোর দিয়েছি। অ্যালবামে দেশ ও দেশের বাইরের কয়েকজন জনপ্রিয় সংগীত পরিচালক কাজ করেছেন। তাঁরা হলেন বাপ্পা মজুমদার, জুয়েল মোর্শেদ, অদিত, আরফিন রুমি, ইমরান, দেব সেন, অম্লান-পুপুন প্রমুখ।
শ্রোতা হিসেবে কোন গানকে বিশেষ পছন্দ...
সব কটি গানই ভালো লেগেছে। একেকটি গান একেক রকম। তাই আলাদা করে কোনোটির কথা বলা সম্ভব নয়। তবে গানগুলো সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
হিন্দি গান এবং পড়শীর যুক্তি...
শুরু থেকে আমার নতুন অ্যালবামে অন্য ভাষার একটি গান রাখতে চেয়েছিলাম। আর অন্য ভাষার গান করতে হলে হিন্দি হলে মন্দ হয় না। তবে গানটি তৈরির পর অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। আমি মনে করি, গানের নিজস্ব কোনো ভাষা নেই।
সমালোচনা কেমন লেগেছে...
সমালোচনা থাকবে। সবাই আমার গান শুনে শুধু প্রশংসা করবেন, তা আমি কখনোই আশা করি না। সমালোচনাকে আমি ইতিবাচক হিসেবে নিই। তা থেকে অনেক কিছুই শেখাও যায়।
ক্ষুদে গানরাজের পড়শী...
ক্লাস সিক্সে থাকা অবস্থায় আমি ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় অংশ নিই। এখন আমি কলেজে পড়ছি। অনেক বেশি পরিণত। নিজে থেকে অনেক কিছুই বুঝতে পারি।
অভিনেত্রী পড়শী...
অভিনয় করেছিলাম অনুরোধে। আমার নিজেরও একটু শখ হয়েছিল। আর নাটকের গল্পটিও ছিল গানকেন্দ্রিক।
স্বপ্ন দেখছি...
আমার চোখে-মুখে এখন একটাই স্বপ্ন—একজন ভালো সংগীতশিল্পী হওয়া। বিভিন্ন ভাষার গান গেয়ে মানুষের জয় করতে চাই; পাশাপাশি নিজে একজন ভালো মানুষ হওয়া।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা...
গানই আমার জীবন। গানের মাঝে হারিয়ে যেতে চাই।
মনজুরকাদের