‘গানের সুরে আমার মুক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি আর বাংলা সংস্কৃতির পরিচয় দিতে গেলে অগ্রগণ্য হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসবেই। সমগ্র সৃষ্টিসম্ভারের মধ্যে তাঁর গান সারা বিশ্বের বাঙালিদের জীবনকে সমৃদ্ধ করে চলেছে। ‘গানের সুরে আমার মুক্তি’—এ মননকে ধারণ করেই কবিগুরু রবীন্দ্রনাথ পাশ্চাত্য থেকে প্রাচ্য বিভিন্ন ভাষার গানের সুরে বাংলা কথা বসিয়ে সমৃদ্ধ করেছেন তাঁর সৃষ্টিসম্ভার। আর তাই নানা রঙের রবীন্দ্রনাথকে খুঁজতে গতকাল শুক্রবার ভিন্ন ধারার অনুষ্ঠানের আয়োজন করেছে সংগীত সংগঠন সুরতীর্থ। শুক্রবার সন্ধ্যায় সংগীত সংগঠন সুরতীর্থের আয়োজনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দুই দিন্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। ‘গানের সুরে আমার মুক্তি’ শিরোনামের এই আয়োজন আজ শনিবার একই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম দিনে উত্তর ভারতীয় এবং পাশ্চাত্য সুরের যে মূল গানগুলোর মাধ্যমে কবিগুরু অনুপ্রাণিত হয়েছিলেন, সেগুলোকে নিয়ে তাঁর রচিত ভাঙাগান এবং একই শৈলীর মৌলিক গানের সম্ভার নিয়ে সাজানো হয়। সঙ্গে ছিল কবির পাশ্চাত্য সুরের প্রভাবিত গান। আর এসব গানে উঠে আসে ধ্রুপদ, ধামার, খেয়াল ও তারানার সুর। ভারতের বেহালাবাদক শুভায়ু মজুমদার ও সংগীত পরিচালক সুব্রত মুখোপাধ্যায়ের মায়াবী যন্ত্রানুষঙ্গের ব্যবহারে পরিবেশনায় ছড়ায় প্রাণের স্পন্দন। শুরুতেই সম্মেলক কণ্ঠে বৃন্দাবনী রাগে গীত হয় কবির ৪৮ বছর বয়সে তৈরি ভাঙাগান ‘জয় তব বিচিত্র’। এরপর একক কণ্ঠে পরিবেশিত হয় ‘জয় প্রবল বেগবতি’। এবার একক কণ্ঠে রাগ পরজে গাওয়া হয় কবির ৪১ বছর বয়সের রচনা ‘গভীর রজনী নামিল’ গানটি। এটি শেষ হতে একক কণ্ঠে শিল্পী গেয়ে শোনান ভাঙাগান ‘প্রথম আদি তব শক্তি’। ধামার আঙ্গিকে গাওয়া হয় দুটি মূল ও ভাঙাগান এবং একটি মৌলিকসহ তিনটি গান। খেয়াল আঙ্গিকে গাওয়া হয় পাঁচটি গান। তারানা সুরে ছিল দুটি মূলগান ও ভাঙাগানের পরিবেশনা। সেগুলো হলো ‘দারাদিম দারাদিম’ ও ‘তোম তানা নানা’ এবং ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে’ ও ‘ওই পোহাইল তিমিররাতি’। সব শেষে ছিল কবির পাশ্চাত্য সুরের গানের পরিবেশনা। এ পর্বে মৌলিক গান ‘ওয়ে দয়াময়’সহ মূল ও ভাঙাগান মিলিয়ে পরিবেশিত হয় ১২টি গান।