
‘তিনি ছিলেন আদর্শ রাজনীতিবিদ, নারী জাগরণের নেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর মতো শিক্ষিত, মার্জিত, সৎ ও সাহসী রাজনীতিবিদের আজ বড় বেশি প্রয়োজন।’
গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নূরজাহান মুরশিদের দশম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত ‘গাহী জীবনের জয়গান’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। নূরজাহান মুরশিদের লেখা ‘বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে’ প্রবন্ধটি পাঠ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। স্মৃতিচারণা করেন প্রতীতি দেবী। অনুষ্ঠানে নূরজাহান মুরশিদের জীবদ্দশায় ধারণকৃত সাক্ষাৎকার প্রচার করা হয়।
বক্তারা বলেন, শিক্ষিত, সচ্ছল ও উদার সংস্কৃতিমনস্ক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই মহীয়সী নারী। ১৯৪৯ সালে বিজয়া নাটকে অধ্যাপক মুনীর চৌধুরীর সঙ্গে মুসলিম নারী হিসেবে অভিনয় করেছিলেন। শ্বশুর আলী আহমদ খান তাঁকে প্রথম রাজনীতিতে উৎসাহিত করেন। এ ছাড়া
বাবা মোহাম্মদ আইউব হোসেন ও স্বামী খান সারওয়ার মুরশিদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন বক্তারা।
আলোচনার পর নূরজাহান মুরশিদের বিভিন্ন লেখা ও তাঁর জীবনী থেকে পাঠ ও আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তাফা ও নিশাত জাহান। তাঁর প্রিয় রবীন্দ্রসংগীত ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ পরিবেশন করেন শামা রহমান। নৃত্য পরিবেশন করেন সাধনার শিল্পীরা।
এর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরন করা হয়।