‘গাড়ি চলে না’ গান থেকে অ্যানিমেশন মিউজিক ভিডিও
শাহ আবদুল করিমের জনপ্রিয় গান ‘গাড়ি চলে না’ নিয়ে এবার তৈরি হলো অ্যানিমেশন মিউজিক ভিডিও। আর এটি তৈরি করেছেন অ্যানিমেশন পরিচালক মেহেদী হাসিব। জানালেন, এখানে দলছুটের গাওয়া গানটিই ব্যবহার করা হয়েছে। আর তার জন্য আগে থেকে অনুমতিও নেওয়া হয়েছে দলছুটের কাছ থেকে। মেহেদী জানান, পুরো মিউজিক ভিডিওটি তৈরি করতে তাঁদের সময় লেগেছে তিন মাস। আর এই পুরো সময়টাতে কাজ করেছেন তিনজন অ্যানিমেটর। চারটি সার্ভারে রেন্ডারিং করতে সময় লেগেছে এক হাজার ৬০০ ঘণ্টা। ফিয়েট ৫০০ মডেলের একটি গাড়ি দেখা যায় মিস্টার বিন টিভি সিরিজ ও চলচ্চিত্রে। ২০০৬ সালের কারস ছবিতেও ছিল গাড়িটি। এবার ‘গাড়ি চলে না’ গানটির মিউজিক ভিডিওতে ব্যবহার করা হয়েছে এটি। আর কারিগরি প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে মায়া সফটওয়্যার। মেহেদী বললেন, ‘এই সফটওয়্যারটি হলিউডের ছবিতে ব্যবহার করা হয়। আমরাও ভালো মানের একটি মিউজিক ভিডিও তৈরি করার জন্য এটি এনেছি।’এটি দেখানোর ব্যাপারে মেহেদী বললেন, ‘ঈদের পর বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই নতুন ধারণার মিউজিক ভিডিওটি দেখানো হবে।’