'গাড়িওয়ালা'র ঝুলিতে আরও তিন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফ শিশির পরিচালিত গাড়িওয়ালা চলচ্চিত্রের ঝুলিতে আরও তিনটি পুরস্কার যোগ হলো। ১ থেকে ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিনেরকম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ পুরস্কার জেতে ছবিটি। এর প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে ‘প্লাটিনাম অ্যাওয়ার্ড’ পেয়েছেন পরিচালক আশরাফ শিশির। শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ‘গোল্ড’ ও ‘এমারেল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছে ছবির দুই খুদে অভিনেতা কাব্য ও মারুফ। উল্লিখিত তিনটি পুরস্কার ছাড়াও গাড়িওয়ালা এর আগে যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ১৪টি পুরস্কার পেয়েছে বলে পরিচালক তথ্য দিয়েছেন। এ ছাড়া ছবিটি ১৮টি দেশের ৫১টি শহরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান, আর জে মুকুল, সিডর সুমনসহ ৪০০ নাট্যকর্মী। ছবির পরিচালক আশরাফ শিশির বলেছেন, শিগগিরই ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।