'গীতিকার ও সুরকার হয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথোপকথন: মুহিন। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের অন্যতম প্রতিযোগী। বাংলা নববর্ষ উপলক্ষে মুহিন তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গল্প এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ করেছে নতুন অ্যালবাম। নাম ধুম-ধাড়াক্কা

মুহিন
মুহিন

‘বাংলা ঢোল’ নয়, ‘ধুম-ধাড়াক্কা’...
অ্যালবামটি যেহেতু পয়লা বৈশাখে বের হবে, তাই নামটা ‘বাংলা ঢোল’ রাখতে চেয়েছিলাম। পরে সবার পরামর্শে ধুম-ধাড়াক্কা রেখেছি। এই অ্যালবামে ‘ধুম-ধাড়াক্কা’ শিরোনামে একটি গান রয়েছে।
নতুন পরিচয়...
এবারই প্রথম গানের সুর-সংগীত পরিচালনা করেছি। ১৩টা গানের মধ্যে আটটির সুর ও সংগীত আমার করা। তিনটি গানের কথা লিখেছি। বলতে পারেন, এবার গীতিকার ও সুরকার হয়েছি। গানের কথা লেখা আর সুর করার কাজটা করেছি ভালো লাগা থেকে। এখন গান গাওয়ার পাশাপাশি গান লেখা এবং সুর ও সংগীত পরিচালনাও করব।
আমার প্রযোজনা প্রতিষ্ঠান...
হাতেগোনা দু-একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আর সবই শিল্পীদের কাছ থেকে ৬০ বছরের চুক্তিতে অ্যালবামগুলো কিনে নেয়। তারা মেধাস্বত্বও নিজেদের আয়ত্তে রেখে দেয়। আরও আছে নানা অনিয়ম। এই বলয় থেকে বের হওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছি।
আর যা করছি...
এ বছর নতুন অ্যালবামটির প্রচারণা করব। শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ করব। গান কিন্তু এখন শোনার পাশাপাশি দেখার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চলচ্চিত্রের গানে...
সম্প্রতি মনতাজুর রহমান আকবরের নতুন ছবি বোঝে না সে বোঝে না ছবির শিরোনাম গানে কণ্ঠ দিয়েছি।
আমার অন্য অ্যালবামগুলো...
আমার প্রথম অ্যালবাম তোমার জন্য বাজারে আসে ২০০৭ সালে। এরপর বেরিয়েছে গোপন কথা (২০০৮) এবং ঘুম আসে না (২০১০)।