'গুড মর্নিং বাংলাদেশ' ও নাভিদ মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানে নাভিদ মাহবুব। ছবি: জাহিদুল করিম
‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানে নাভিদ মাহবুব। ছবি: জাহিদুল করিম

‘টাকায় বাঘের দুধ মেলে কিন্তু বাঘ মেলে না।’ সম্প্রতি বিপিএলে তামিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এমন মন্তব্য করলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। সেটা অবশ্য প্রতিবেদকের কাছে নয়, সরাসরি অনএয়ারে। মানে এবিসি রেডিওর ‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানে। যাঁরা এই অনুষ্ঠান নিয়মিত শোনেন, তাঁরা নিশ্চয় এমন মিষ্টিমধুর কথার সঙ্গে পরিচিত। আর শোটি যদি উপস্থাপনা করেন নাভিদ মাহবুব, তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে যোগ হয় ‘স্ট্যান্ডআপ কমেডি’। অনুষ্ঠান এবং স্ট্যান্ডআপ কমেডির নানান বিষয় নিয়ে কথা বলতেই সম্প্রতি মুখোমুখি বসা হয়েছিল তাঁর সঙ্গে। সঙ্গে ‘গুড মর্নিং বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রযোজক আর কথাবন্ধু কায়নাত খান।
কথার শুরুতেই নাভিদ বললেন, ‘শ্রোতাদের সকালটা হাসিখুশিভাবে শুরু হয়। সারা দিন ভালো কাটে, এই উদ্দেশ্যেই এই শো।’ সঙ্গে কায়নাত যোগ করলেন, ‘আমরা অনুষ্ঠানজুড়ে নানা ধরনের তথ্য দিয়ে থাকি, থাকে সামাজিক খবরও। তবে সেসব উপস্থাপনা গতানুগতিকভাবে নয়, হয় একটু ভিন্নভাবে। অন্য চোখে।’
অনুষ্ঠানটি সম্পর্কে আরও কয়েকটি তথ্য দিলেন নাভিদ, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর আরও কয়েকটি তথ্য হলো দর্শকেরা যোগ দিতে পারেন অনায়াসে। এসএমএস কিংবা ফোনকলের মাধ্যমে যোগ দেওয়ার পাশাপাশি জিতে নিতে পারেন নানান উপহার। এরই মধ্যে বেশ কয়েকটি কনসার্টের টিকিট জিতে নিয়েছেন শ্রোতারা। এমন নানা ধরনের আয়োজনের পাশাপাশি সরাসরি নানা মাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা আসেন অতিথি হয়ে। আলাপচারিতার পাশাপাশি তাঁদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ।
এ বছর ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘গুড মর্নিং বাংলাদেশ’। ‘দেশবিদেশ থেকে যখন মানুষ ফোন করেন, উৎসাহ দেন, তখন মনে হয় অনুষ্ঠানটি সার্থক।’ বললেন নাভিদ।
পুরোদস্তুর স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। আরজে হয়ে কেমন লাগছে? ‘আমি এর আগে টিভিতে শো করেছি। সেটা ছিল অন্য রকম। এবার রেডিওতে। অভিজ্ঞতা বেশ ভালো। আমার মনে হয় মানুষকে সচেতন করা ও বিনোদন দেওয়ার জন্য রেডিও অনুষ্ঠান খুব জরুরি।’ বললেন তিনি।
কথার শেষে যাঁরা স্ট্যান্ডআপ কমেডি করতে চান, তাঁদের জন্য পরামর্শ দেন নাভিদ মাহবুব। বললেন, ‘২০০৪ সাল থেকে আমি কমেডি করি। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কমেডি ফেস্টিভ্যালে ১৫০ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম। আর ২০ বছরের করপোরেট চাকরিজীবন ছেড়ে কমেডিকে পেশা হিসেবে নিয়েছি। নতুন কেউ এই পেশায় আসতে চাইলে বলব, সাহস, আগ্রহ আর চেষ্টাই একজন কমেডিয়ান হওয়ার জন্য যথেষ্ট।’