‘গুপী’র মাঝে রইবেন বেঁচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপেন চট্টোপাধ্যায়কে চলচ্চিত্রপ্রেমী মানুষ মনে রেখেছে ‘গুপী’ হিসেবে। সেই যে গুপী গাইন বাঘা বাইন ছবিতে ভোরের পাখিদের শঙ্কিত করে বেসুরো গলায় গেয়ে উঠছেন ‘দেখ রে নয়ন মেলে জগতের কী বাহার!’ আহারে! কী নিষ্ঠা নিয়েই না করছিলেন তিনি গান! কিন্তু সরগমের ব্যাকরণ উল্টে দেওয়া সেই গান কানে যাওয়ায় রাজা খেপে গিয়ে গুপীকে করলেন দেশছাড়া। গাধার পিঠে সওয়ার গুপী যখন গ্রামবাসীর বিদ্রুপে ভিজতে ভিজতে চলেছেন পথ, তখন তাঁর চোখে জল। সেই জল দেখে কার না মন খারাপ হয়! সেই গুপীই ভূতের রাজার বর পেয়ে আশ্চর্য সুরেলা কণ্ঠের অধিকারী হন। হুণ্ডী আর শুণ্ডীর সেই অদ্ভুত রহস্যঘেরা গল্পটি এগিয়ে যায় তরতর করে।মানিকজোড় বলে একটা কথা আছে। কথাটিকে একটু পরিবর্তন করে মানিকের জোড় গুপী-বাঘা অর্থাৎ সত্যজিতের (যাঁর ডাক নাম মানিক) তপেন-রবি বললে খুব বেশি বলা হয় না। ডাকসাইটে অভিনেতা রবি ঘোষের সঙ্গে জোড় হয়ে অভিনয় করতে হবে—এ কথা ভেবে ভীষণ ভয় পেয়েছিলেন তপেন। প্রথমে তো রাজিই হননি। এদিকে সত্যজিৎ রায় একের পর এক স্ক্রিন টেস্ট নিয়ে চলেছেন। কাউকেই পছন্দ হচ্ছে না গুপী চরিত্রে। সত্যজিতের মহানগর ছবিতে অনিল চট্টোপাধ্যায়ের সহকর্মী হিসেবে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তপেন। গুপী গাইন বাঘা বাইন ছবিতে গুপীর চরিত্রে তাঁকেই মনে ধরল সত্যজিতের। কিন্তু তপেন কিছুতেই অভিনয় করবেন না। বলে-কয়ে তাঁকে স্ক্রিন টেস্টে হাজির করা হলো। অভিনয়ও করলেন তিনি। এরপর তো তা ইতিহাস। তপেন-রবির অনবদ্য অভিনয়ে মুগ্ধ হলো দর্শক-শ্রোতা।হীরক রাজার দেশে ছবিটি করা হয় ১৯৮০ সালে, গুপী গাইন বাঘা বাইনের ১২ বছর পর। তত দিনে ‘গুপী’র শরীরে মাংস লেগেছে, পরিণত হয়েছেন তিনি। কিন্তু এই ছবিতেও সেই সদা-শঙ্কিত বোকা বোকা গুপীকেই পাওয়া গেল। এবার আর সাদা-কালো ছবি নয়, রঙিন হয়ে এলেন তাঁরা। ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘পায়ে পড়ি বাঘ মামা’, ‘মোরা গুপী বাঘা দুজন ভায়রা ভাই’ ইত্যাদি গান তো মুখে মুখে ফিরত মানুষের। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ সংলাপটিও পেয়ে গিয়েছিল কদর।এ ছাড়া গুপী বাঘা ফিরে এলো, ধন্যি মেয়ে, সঙ্গিনীসহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তপেন। ১৯৮০ সালে অঞ্চল ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি।পেশায় ছিলেন প্রকৌশলী, কাজ করেছেন রাজস্থানে। এরপর কলকাতায় ফিরে এসে যোগ দেন সন্দেশ ম্যাগাজিনে। ১৯৩৭ সালে তাঁর জন্ম। গত ২৪ মে ৭২ বছর বয়সে চলে গেলেন তিনি। কিন্তু এই যাওয়া মানে প্রস্থান নয়, গুপী হিসেবে তিনি বেঁচে রইবেন চলচ্চিত্র-রসিকদের মনে।