চম্পা। চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী। এখন কাজ করছেন টিভি নাটকেও। এশিয়ান টিভিতে আজ তাঁর অভিনীত ধারাবাহিক নাটক সেকেন্ড ইনিংস প্রচারিত হবে। এখন যা করছি...মুন্সিগঞ্জে সেকেন্ড ইনিংস নাটকের শুটিং করছি। ছোট পর্দায় এটি আমার প্রথম দীর্ঘ ধারাবাহিক। অনেক দিন পর আমি আর কাঞ্চন ভাই (ইলিয়াস কাঞ্চন) একসঙ্গে অভিনয় করছি। আমার প্রথম নাটক১৯৮৪ সালে আবদুল্লাহ আল-মামুনের পরিচালনায় ডুবসাঁতার নাটকে প্রথম অভিনয় করেছিলাম। এখনকার অভিনয়শিল্পীদের সম্পর্কে মূল্যায়ন...দু-একজন ভালো অভিনয়শিল্পী চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে বাপ্পী আর আঁচলকে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে। তবে এখন অভিনয়শিল্পীরা বেশ উদাসীন। আর নির্মাতারাও এ সময়ের অভিনয়শিল্পীদের সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আলাদিনের চেরাগ হাতে পেলে চলচ্চিত্রের যা বদলে দিতে চাইতামচলচ্চিত্রসংশ্লিষ্ট সবার মধ্যে এখন শিল্পমনের খুব অভাব। সবাই বাণিজ্যিক দিকটা নিয়ে ভাবেন। আলাদিনের চেরাগ হাতে পেলে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার মধ্যে বাণিজ্যিক দিকটার পাশাপাশি শিল্পমনটা জাগিয়ে তোলার চেষ্টা করতাম। অবসরে আমি ...বাগান করতে খুব ভালোবাসি। অবসরে বাগানের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি। রান্না করতেও ভালো লাগে। প্রায় প্রতি সপ্তাহে আমার মেয়ে ও তার জামাই আসে। একই এলাকায় ববিতা আপাও থাকেন। অবসরে সবার সঙ্গে আড্ডা দিয়েই কাটে।যে সময়ের কথা বেশি মনে পড়ে...ছোটবেলার। তখন আমরা থাকতাম পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায়। ভোরবেলা ঘুম থেকে উঠে শিউলি ফুল কুড়াতে যেতাম। তারপর ফুলের মালা নিয়ে স্কুলে যেতাম। কখনো আবার বাসায় বোনদের মালা বানিয়ে দিতাম। গেন্ডারিয়ার দিনগুলোর কথা খুব মনে পড়ে। মনজুর কাদের