‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে’ নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব আলম তাঁর গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে বইটিতে তুলে ধরেছিলেন মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র। এবার তাঁর সেই যুদ্ধজয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক গেরিলা ’৭১। আগামী ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশ টিভিতে দেখানো হবে ধারাবাহিকটি। নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিউদ্দীন আহমেদ এবং পরিচালনা করছেন পারভেজ আমীন। জানা গেছে, এ নাটকে দিনাজপুরের প্রত্যন্ত এলাকায় এক গেরিলা কমান্ডারের প্রতিদিনের যুদ্ধকথার ভেতর দিয়ে উঠে এসেছে এক সংগ্রামী চিত্র এবং মহান মুক্তিযুদ্ধ।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, রওনক হাসান, মাসুদ আলী খান, শারমিন শীলা, নওশাবা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটারের নাট্যকর্মীরা।পারভেজ আমীন বললেন, ‘মুক্তিযুদ্ধের অনেক গল্প পড়েছি। কিন্তু মাহবুব আলমের এই লেখাটিতে সত্যিকারের মুক্তিযুদ্ধকে অনুভব করতে পারি। আমাদের সামনে ভেসে ওঠে ১৯৭১ সালের অনেক চিত্র। জানতে পারি, আসলেই তখন কী ঘটেছিল। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, গেরিলা ’৭১ নাটকটি দেখার পর আমাদের নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধকে অনুভব করতে পারবে।’ গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে বইয়ের লেখক মাহবুব আলম বলেন, ‘আমার বাস্তব যুদ্ধজীবনের গল্প এটি। যদিও বইটি নিয়ে অনেকেই কাজ করতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে আর হয়নি। আমি সব সময় চেয়েছি, এটি নিয়ে বাস্তবধর্মী কিছু নির্মাণ করা হোক। এবার দেশ টিভি এই সাহসী পদক্ষেপ নিয়েছে।’