‘গেরিলা’ দেখতে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা অনেক কিছুই জানতাম না। গেরিলা ছবিটি দেখে যুদ্ধদিনের সেই সব ঘটনা জানতে পেরেছি।’ ‘...মুক্তিযুদ্ধে ওরা এ দেশের মানুষকে এভাবে নির্যাতন করেছে! ভাবতেই কষ্ট হচ্ছে।’ ‘গেরিলা শুধু একটা ছবি নয়, ইতিহাস। মুক্তিযুদ্ধের একটি দলিল।’ ‘জয় গেরিলা!’—বৃহস্পতিবার গেরিলা ছবিটি দেখার পর বলাকা ও স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এমনি নানা মন্তব্য করেছেন দর্শকেরা। অনেকেই ছবিটির পরিচালক নাসির উদ্দীন ইউসুফকে জড়িয়ে ধরেছেন, শুভেচ্ছা জানিয়েছেন ছবির অভিনয়শিল্পী জয়া আহসানকে।বৃহস্পতিবার পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত গেরিলা ছবিটি। কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার।কাছ থেকে ছবির দর্শকদের প্রতিক্রিয়া জানতে এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য বৃহস্পতিবার দুপুরে স্টার সিনেপ্লেক্সে এবং বিকেলে বলাকা প্রেক্ষাগৃহে যান ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী প্রযোজক এষা ইউসুফ, অভিনয়শিল্পী জয়া আহসান ও শতাব্দী ওয়াদুদ।ঢাকার বলাকা, অভিসার ও স্টার সিনেপ্লেক্স, শ্রীপুরের চন্দ্রিমা, টঙ্গীর চম্পাকলি, খুলনার সংগীতা, ময়মনসিংহের পূরবী, শেরপুরের লিখন, সিরাজগঞ্জের মৌসুমী, নওগাঁর তাজ, রংপুরের শাপলা, দিনাজপুরের মডার্ন ও কাটাখালী, রাজশাহীর রাজতিলক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।গতকাল শুক্রবার দুপুরে বলাকার প্রেক্ষাগৃহের কর্মকর্তা জয় জানান, বৃহস্পতিবার ছবিটির পাঁচটি প্রদর্শনী হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত দুটি। এখানে সব কটি প্রদর্শনীই ছিল দর্শকপূর্ণ। স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ শনিবার পর্যন্ত ছবির সব কটি প্রদর্শনীর টিকিট বিক্রি হয়ে গেছে।এষা ইউসুফ জানান, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতেও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে।