‘গেরিলা’তে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলা ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। আজ রোববার থেকে রংপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিতে ফেরদৌস অভিনয় করবেন বিলকিসের (জয়া আহসান) স্বামীর চরিত্রে। আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।গতকাল শনিবার দুপুরে ফেরদৌস জানালেন, এখন তিনি ভারতের কলকাতার চলচ্চিত্রে বেশি ব্যস্ত। গত দুই বছরে সেখানে ১৫টি ছবিতে অভিনয় করেছেন। ঢাকার ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন শাহনেওয়াজ কাকলির জলরং ছবিতে। তাও প্রায় মাস ছয়-সাতেক আগে। এরই মধ্যে তিনি মাসুম আজিজের লীলাখেলা ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তি করেছেন।বললেন, ‘আমার অভিনীত কয়েকটা ছবির কাজ একেবারেই শেষ। এখনো মুক্তি পায়নি। তাই আমি চেয়েছিলাম, সব কটি ছবি মুক্তি পাওয়ার পর একেবারে নতুনভাবে দর্শকদের সামনে আসতে। এখন আর তথাকথিত বাণিজ্যিক কোনো ছবিতে কাজ করছি না। যে ছবিগুলোতে সামনে কাজ করব, সেগুলো একেবারেই অন্য রকম হবে।’গেরিলা ছবিতে কাজ করার ব্যাপারে বললেন, ‘ছবিটির পরিচালক নাসিরউদ্দিন ইউসুফের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য উল্লেখযোগ্য ব্যাপার। ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করছি। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে সরকারের অনুদানে একটি ছবি তৈরি হচ্ছে, আর আমি তাতে অভিনয় করছি।’