‘গেরিলা’র এইচডি ক্যাসেট ছিনতাই
গেরিলা ছবির আটটি এইচডি ক্যাসেট ছিনতাই হয়েছে। গত বুধবার রাতে শুটিং শেষে এই ক্যাসেটগুলো সিডি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রিকশায় নিউ বেইলি রোডের ড্রিম ফ্যাক্টরিতে যাওয়ার পথে মগবাজার মোড়ে আদ্-দ্বীন হাসপাতালের গলির মুখে এই ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা চলন্ত কালো ট্যাক্সিক্যাব থেকে ক্যাসেটের ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে সরকারের অনুদানে গেরিলা ছবিটি তৈরি করছেন নাসির উদ্দীন ইউসুফ। ছবির প্রযোজক এষা ইউসুফ জানান, পুরো ছবিটি তৈরি হচ্ছে ৩৫ মিলিমিটার কারিগরি প্রযুক্তিতে। পাশাপাশি ছবির আরেকটি ভিডিও সংস্করণও করা হচ্ছিল। আর তা করা হচ্ছিল ডাবিংয়ের গাইড ট্র্যাক এবং সম্পাদনার সুবিধার জন্য। নাসির উদ্দীর ইউসুফ বললেন, ‘ক্যাসেটগুলো ছিনতাই হওয়ার ফলে ছবিটির পরবর্তী কাজে খুবই সমস্যা তৈরি হবে। এই ক্যাসেটগুলো কারোরই কাজে আসবে না। যদি কেউ তা ফিরিয়ে দেন, তবে আমরা উপকৃত হব। মুক্তিযুদ্ধের একটি ছবি পরিপূর্ণভাবে তৈরি করতে পারব।’