‘গেরিলা’র পর ‘চোরাবালি’
গেরিলার বিলকিস এবার চোরাবালিতে সাংবাদিক হচ্ছেন। হ্যাঁ, গেরিলার পর জয়া আহসান অভিনয় করবেন চোরাবালি ছবিতে। জয়া জানান, মাত্র তিন দিন আগে ছবিটির পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। জয়া বলেন, ‘মাস দেড়েক আগেই রনি তাঁর ছবির চিত্রনাট্য আমাকে দিয়েছিলেন। কাজের চাপের কারণে তখন দেখতে পারিনি। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়। তখন অনেকটা সময় বাসায় থাকতে হয়েছিল। বিশ্রাম নেওয়ার ফাঁকে চিত্রনাট্যটি পড়েছি। খুব ভালো লেগেছে।’চোরাবালি ছবিতে জয়ার সহশিল্পী ভারতের ইন্দ্রনীল। জয়া এবারই প্রথম ভারতীয় কোনো শিল্পীর বিপরীতে অভিনয় করছেন? ‘না, না।’ জয়া বললেন, ‘প্রায় বছর দশেক আগে আমি ডিডি মেট্রোর জন্য একটি বড় ধারাবাহিকে কাজ করেছিলাম। ওটাতে আমার সহশিল্পী ছিলেন টোটা রায় চৌধুরী। এরপর এবারই ভারতের আর কোনো শিল্পীর সঙ্গে কাজ করব।’ ছবির কাজ হবে সেপ্টেম্বরে। জয়া বলেন, ছবির গল্পটা থ্রিলার ধাঁচের। খুবই আকর্ষণীয়।জয়া এর আগে ডুবসাঁতার, ফিরে এসো বেহুলা ও গেরিলা ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ফিরে এসো বেহুলা এখনো মুক্তি পায়নি।