‘গেরিলা’র পর...
গেরিলার পর নতুন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন জয়া আহসান। ছবির নাম টাকা। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিতে তিনি অভিনয় করেছেন বিলকিস বানু নামের সাহসী আর মমতাময়ী এক নারীর ভূমিকায়। রবিউল আলম পরিচালিত টাকা ছবিতে জয়াকে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে।‘টাকা ছবির চিত্রনাট্য হাতে পেয়েছি। এই ছবিতে আমার চরিত্রটি একজন মাদক বিক্রেতার, যে আবার একই সঙ্গে একজন মমতাময়ী মা। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে, চরিত্রটি নেতিবাচক। কিন্তু ছবির গল্পটা পুরোপুরি মানবিক সম্পর্কের। রবিউল আলম অনেক সম্ভাবনাময় আর মেধাবী একজন নির্মাতা। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী।’ বললেন অভিনেত্রী জয়া আহসান। এর আগে রবিউল আলম পরিচালিত হ্যালোইন নাটকে জয়া অভিনয় করেছিলেন। রবিউল আলম বললেন, ‘টাকা ঢাকা নগরের এ সময়ের একটি গল্প। ছবিটি অনেকটা থ্রিলার ধাঁচের। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন একজন নারী। জীবিকার তাগিদে তিনি অবৈধ কাজে জড়িয়ে পড়েন। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা করছি। আশা করছি, আগামী বছরের শুরুর দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব হবে।’