'গোডোর প্রতীক্ষায়' নাটকের রজতজয়ন্তী প্রদর্শনী

নোবেল বিজয়ী নাট্যকার ‘স্যামুয়েল বেকেট’ এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গোডো’। বাংলাদেশের জাতীয় অধ্যাপক কবির চৌধুরী নাটটি অনুবাদ করেছেন ‘গোডোর প্রতীক্ষায়’ নামে। নাট্যব্যক্তিত্ব ও নির্দেশক আতাউর রহমানের নির্দেশনায় ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী’ নাটটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। কাল বুধবার ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির রজতজয়ন্তী মঞ্চায়ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আহ্বায়ক অভিনেত্রী শিরিন বকুল। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুস সেলিম ও নির্দেশক আতাউর রহমান।
২০১১ সালের ২৫ এপ্রিল আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রথম প্রযোজনা হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে নাটকটি দেশ ও দেশের বাইরে এবং বিভিন্ন উৎসব মিলিয়ে ২৪ টি প্রদর্শনী সম্পন্ন করে।
নাটকটিতে অভিনয় করেছেন নূর-জামান, শারমিন সানজিদা খানম, জয়িতা মহলানবীশ, গোলাম শাহরিয়ার, পারভেজ রানা, তিশানা, শাহজাদা সম্রাট। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ এবং আবহ সংগীত করেছেন অজয় দাস।