
গোপাল ভাঁড়ের সূত্রে রঙ্গরসিকতার সামাজিক পরিসরটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। যুগে যুগে সৃষ্ট বীরবল, মোল্লা নাসিরুদ্দীনের মতো ভাঁড়জাতীয় চরিত্রকে সমকালীন ঐতিহাসিক বাতাবরণে বিশ্লেষণ করা প্রয়োজন। যার মধ্য দিয়ে আমাদের জাতীয় সাংস্কৃতিক পরম্পরার নানা পরিপ্রেক্ষিত উন্মোচিত হবে। এ প্রসঙ্গে ঢাকাই রঙ্গরসিকতাও বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
বাংলা একাডেমিতে গতকাল আয়োজিত ‘বাঙালির গোপাল ভাঁড়: একটি লোক-চরিত্রের নির্মাণের সন্ধানে’ শীর্ষক একক বক্তৃতানুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক অধ্যাপক গৌতম ভদ্র। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে অধ্যাপক গৌতম ভদ্র জানান, গোপাল ভাঁড় অনুসন্ধান তাঁর জনসংস্কৃতি অধ্যয়নেরই অবিচ্ছিন্ন অংশ। এক দশকের বেশি সময় ধরে গোপাল ভাঁড় বিষয়ে গবেষণা করছেন তিনি। এ গবেষণার প্রথম পর্বটি বাংলা একাডেমিতে উপস্থাপন করতে পেরে তিনি আনন্দিত বলে মন্তব্য করেন।
গৌতম ভদ্র বলেন, গোপাল ভাঁড় বাস্তব চরিত্র নাকি কল্পিত সৃষ্টি—এ নিয়ে বিতর্ক আছে। তবে তর্ক-বিতর্ক যা-ই থাকুক, গোপাল ভাঁড় চরিত্রকে বাঙালির সংস্কৃতির ইতিহাসে কেউ উপেক্ষা করতে পারে না। কারণ, এ চরিত্রের নামে প্রচলিত গালগল্পের মধ্য দিয়ে বাঙালি সমাজের হাস্যকৌতুক-অসংগতি-কল্পনাশক্তির রসময় প্রকাশ ঘটেছে। রাজসভার সঙ্গে ভাঁড়ের সম্পর্ক সুবিদিত। কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড়ের উপস্থিতি শরীরী অবয়বের হোক কিংবা কল্পিত হোক, সে যেন হয়ে ওঠে জাগ্রত বিবেক, বিদ্যমান অন্যায়-অবিচারকে রঙ্গব্যঙ্গ ও যুক্তির বাণে কোণঠাসা করে সমাজসংস্কারের চেষ্টা করেন।