গোলাপজান থিয়েটার আর্ট ইউনিটের জনপ্রিয় ও বিখ্যাত প্রযোজনা। ২০ বছর আগে মঞ্চে এসেছিল। নাটকটির মূল গল্প মোহাম্মদ আবু তাহেরের, আর নাট্যরূপ ও নির্দেশনায় এস এম সোলায়মান। কয়েক বছর প্রদর্শনী বন্ধ থাকার পর আবারও এই জনপ্রিয় নাটকটির নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটির প্রদর্শনী হয়।
একক সংলাপনির্ভর এ নাটকটিতে গোলাপজানের নাম ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রোকেয়া রফিক বেবী।
পুরান ঢাকার গোলাপজান নামের এক নারীর জীবনসংগ্রামকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকের কাহিনি। বেঁচে থাকার জন্য নিরন্তর প্রতিকূলতার পথ অতিক্রম করতে হয় এই নারীকে। তাকে কেন্দ্র করে হাস্যরস আর নানা রটনা-ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প। প্রসঙ্গ ধরে উঠে আসে পুরান ঢাকার অলিগলি, ল্যাম্পপোস্ট, ঘরবাড়ি, কুট্টিভাষা, হিন্দি গান, ঘুমনি, বাকরখানি, ঘোড়ারগাড়ি, লালু, সালু আর সাকরাইন উৎসবসহ নানা অনুষঙ্গ। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রোকেয়া রফিক। অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন চন্দন রেজা, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব, সাইফ সুমন, রেজাউল সুজন, স্বর্ণা সরকার প্রমুখ।