‘গোল্ডেন গ্লোব’ আসরে কাল ‘ঘেটুপুত্র কমলা’
৭০তম গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় বিচারকেরা দেখবেন বাংলাদেশের ছবি ঘেটুপুত্র কমলা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলস উইলশিয়ার মিলনায়তনে ছবিটির প্রদর্শনী হবে কাল শনিবার স্থানীয় সময় বেলা দুইটায়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিদেশি ভাষার ছবি বিভাগে যেদিন যে ছবির প্রদর্শনী হবে, সেদিন ওই দেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে বিচারকদের আপ্যায়ন করা হয়। আজ ঘেটুপুত্র কমলা ছবির প্রদর্শনীর আগে বাংলাদেশের খাবার খাবেন বিচারকেরা। আর স্থানীয় প্রতিনিধি মিডিয়া প্ল্যানের মাধ্যমে তার ব্যবস্থা করছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রয়াত হুমায়ূন আহমেদের শেষ ছবি ঘেটুপুত্র কমলা। গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার আয়োজন করে দ্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘অস্কারের পর গোল্ডেন গ্লোব সবচেয়ে সম্মানজনক পুরস্কার। কাল শনিবার আমাদের ছবিটি বিচারকেরা দেখবেন। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’