'গোস্ট স্টোরিজ' নিয়ে এল কোল্ডপ্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ড দল কোল্ডপ্লের সদস্যরা
ব্যান্ড দল কোল্ডপ্লের সদস্যরা

বিলবোর্ড শীর্ষ তালিকায় ভূতের গল্প শোনাতে এসেছে কোল্ডপ্লে। তাদের নতুন অ্যালবাম গোস্ট স্টোরিজ-এর ‘ম্যাজিক’ গানটি চার সপ্তাহ ধরে বিলবোর্ড হট রক গানের তালিকায় দশম স্থানে অবস্থান করছে।
১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসের কথা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নবীনবরণ সপ্তাহে ক্রিস মার্টিন ও জনি বাকল্যান্ডের পরিচয় ঘটে। তাঁরা সেখানে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরটি তাঁদের একসঙ্গে একটি গানের দল করার কথা ভাবতে ভাবতে কাটে। এরপর তাঁরা পেক্টোরালজ নামে একটি দল গড়েন। গাই বেরিম্যান নামের আরেক সহপাঠী তাঁদের সঙ্গে ১৯৯৭ সালে যোগদান করেন।
কিছুদিন পর তাঁরা দলের নাম বদলে স্টারফিশ রাখেন। সে সময় থেকেই শুরু হয় ছোট ক্লাবগুলোয় তাঁদের সংগীত পরিবেশন করা। ক্রিস মার্টিনের স্কুলজীবনের এক বন্ধু ফিল হার্ভেকে তাঁরা দলের ব্যবস্থাপক হিসেবে যোগ দিতে অনুরোধ করেন। ফিল হার্ভে ছিলেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ক্লাসিকসের ছাত্র। এখন পর্যন্ত ফিল হার্ভে তাঁদের সঙ্গে দলের একজন সদস্যের মতোই আছেন।
দলটির একটি পূর্ণাঙ্গ রূপ আসে, যখন উইল চ্যাম্পিয়ন তাঁদের সঙ্গে যুক্ত হন। উইল পিয়ানো, গিটার, বেজ ও টিন হুইসেল বাজাতে বাজাতে শৈশব-কৈশোর পার করেন। তবে তিনি এই দলের সঙ্গে পারকাশন বাজাতে আসেন। এর পূর্ব অভিজ্ঞতা তাঁর ছিল না। তবে তিনি খুব অল্প সময়েই ড্রামস বাজানো আয়ত্ত করে ফেলেন। এরপর তাঁরা আবারও দলের নাম পরিবর্তন করে কোল্ডপ্লে রাখেন। এটা ১৯৯৮ সালের কথা।
এরপর অবশ্য টিম রাইস অক্সলিকে তাঁরা কি-বোর্ড বাজানোর জন্য প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন। এতে অবশ্য ভালোই হয়েছে। কোল্ডপ্লের চার সদস্য সেই শুরু থেকে অপরিবর্তিত থেকে গেছেন। আর পঞ্চম সদস্যের মতোই আছেন ফিল হার্ভে।
কোল্ডপ্লে বিশ্বজুড়ে খ্যাতি পায় ২০০০ সালে। তাদের ‘ইয়েলো’ গানটি সে সময় অত্যন্ত জনপ্রিয় হয়। তৃতীয় অ্যালবাম এক্স অ্যান্ড ওয়াই ২০০৫ সালের বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যালবাম। দলটি এখন পর্যন্ত ২৫ বার গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়ে সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করে।
এ ছাড়া দলটি আটবার ব্রিট অ্যাওয়ার্ডস জয় করে, যার মধ্যে তিনবার ছিল সেরা ব্রিটিনা গ্রুপের জন্য অ্যাওয়ার্ড।
দলটি পাঁচবার এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড জয় করে। এটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৭০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছে। রোলিং স্টোন ম্যাগাজিনের পাঠকেরা ২০০৯ সালে ভোটের মাধ্যমে কোল্ডপ্লেকে ২০০০ সালের চতুর্থ সেরা দল হিসেবে নির্বাচিত করেন। এ ছাড়া এ দলের সদস্যরা অনেক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছেন।
কোল্ডপ্লেকে অল্টারনেটিভ রক ঘরানার দল বলা যায়। তবে হার্ড রকের সঙ্গে তুলনা করলে দলটি নিজেদের লাইমস্টোন রক বলতে পছন্দ করে। কোল্ডপ্লেকে শ্রোতাদের সামনে নতুন করে তুলে ধরার কিছু নেই। দলটি বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয়।

কোল্ডপ্লের সদস্যরা
গাই বেরিম্যান
বেজ, ব্যাকিং ভোকালস, কি-বোর্ড, হারমোনিকা, ম্যান্ডোলিন ও পারকাশন (১৯৯৭-বর্তমান)
জনি বাকল্যান্ড
লিড গিটার, ব্যাকিং ভোকালস, অ্যাকুইস্টিক গিটার ও হারমোনিকা (১৯৯৬-বর্তমান)
ক্রিস মার্টিন
লিড ভোকালস, পিয়ানো, রিদম গিটার ও কি-বোর্ড (১৯৯৬-বর্তমান)
উইল চ্যাম্পিয়ন
ড্রামস, ব্যাকিং ভোকালস, পিয়ানো, বেল ও অ্যাকুইস্টিক গিটার (১৯৯৭-বর্তমান)

কোল্ডপ্লের যত অ্যালবাম
প্যারাস্যুটস (২০০০)
আ রাশ অব ব্লাড টু দ্য হেড (২০০২)
এক্স অ্যান্ড ওয়াই (২০০৫)
ভিভা লা ভিভা অর ডেথ অ্যান্ড অল হিজ ফ্রেন্ডস (২০০৮)
মাইলো জাইলোটো (২০১১)
গোস্ট স্টোরিজ (২০১৪)
মনোয়ারুল হক