ক থো প ক থ ন: শাহেদ আলী। অভিনয়শিল্পী। কাজ করছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে। ক্যামেরার পেছনেও দাঁড়ান। এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক অঘটনঘটনপটীয়সী
'গৌতম ঘোষের ছবিতে কাজ করব'

অভিনয় আমার কাছে...
অভিনয় আমার পেশা। ছোটবেলা থেকেই অভিনয় করছি। মঞ্চে যখন কাজ শুরু করি, তখন থেকেই ভালো লাগার শুরু। নিজের অতৃপ্তিগুলো অভিনয় দিয়ে পূরণ করা যায়। বাবা চাইতেন আমি চিকিৎসক হব, মা চাইতেন প্রকৌশলী হব আর বন্ধুরা চাইত ব্যবসায়ী। অভিনয়শিল্পী হয়ে এখন সব ভূমিকাতেই কাজ করছি।
‘অঘটনঘটনপটীয়সী’...
নাটকে আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছে। পরিচালক তোজো (আলী ফিদা একরাম) আমাকে দিয়ে অনেক অসম্ভব আর অসাধ্য কাজ করিয়ে নিচ্ছেন। সে জন্যই হয়তো নাটকের নাম অঘটনঘটনপটীয়সী।
আরও যেসব নাটকে অভিনয় করছি...
বাংলাভিশনের কর্তাকাহিনি আর এটিএন বাংলায় প্রজ্ঞা পারমিতা তো আছেই। দেশ টিভির ইউনিভার্সিটি ধারাবাহিকেও কাজ শুরু করেছি। সাগর জাহানের একটি নাটকে অভিনয় করছি। নাম রাস্কেল।
‘উধাও’ এবং অন্যান্য...
অমিত আশরাফের পরিচালনায় উধাও ছবিতে কাজ করেছি। পছন্দের একটা চরিত্র। শিগগিরই মুক্তি পাবে। গৌতম ঘোষ তাঁর পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। এবার গৌতম ঘোষের ছবিতে কাজ করব।
মঞ্চ আর জীবনের মিল-অমিল...
আমি কোনো মিল খুঁজে পাই না। পুরোটাই তো অমিল। মঞ্চ হলো কল্পনার জায়গা। দীর্ঘদিন ধরে প্রাচ্যনাটের সঙ্গে আছি। মঞ্চে আমরা একদিন রাজা, একদিন প্রজা—অনেক পরিবর্তন। বাস্তব জীবনে সেদিক থেকে বৈচিত্র্য কম। প্রতিদিন ক্লান্তিকর জীবনটা বয়ে বেড়াতে হয়।
আমার প্রধান দর্শক...
আদৃক। আমার ছেলে। ও শুধু আমার প্রধান দর্শকই নয়, আমার বড় সমালোচকও। ইউনিভার্সিটি নাটক দেখে ও বলছে, ‘বাবা, গোঁফটা না রাখলে ভালো হতো।’ আবার অঘটনঘটনপটীয়সী নাটকে আমার একজন সহকারী আছে, নাম মাসুদ। আদৃক বলে, ‘বাবা, তুমি মাসুদকে এত বকা দাও কেন?’
মো. সাইফুল্লাহ