‘গ্যাংনাম’ সাইকে নিয়ে ‘লাইফ অব সাই’!
‘লাইফ অব পাই’ চলচ্চিত্রটি ২১ নভেম্বর মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘পাই’-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এর প্যারোডি চলচ্চিত্র ‘লাইফ অব সাই’ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এর পোস্টারও প্রকাশিত হয়েছে। পোস্টারে ‘লাইফ অব পাই’-এর ‘পাই’ চরিত্র রূপদানকারী সুরাজ শর্মার পরিবর্তে ঠাঁই পেয়েছে ‘গ্যাংনাম স্টাইল’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া দক্ষিণ কোরীয় র্যাপ গায়ক সাইয়ের ছবি। সম্প্রতি ‘লাইফ অব সাই’ তৈরির ঘোষণা দিয়েছে ইস্ট ইন্ডিয়া কমেডি। টুইটারে এই ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় লেখা হয়েছে, ‘ইস্ট ইন্ডিয়া কমেডির পক্ষ থেকে “লাইফ অব সাই” ছবির অফিশিয়াল পোস্টার প্রকাশিত হলো।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ ব্যুরো।প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার র্যাপ সংগীতশিল্পী পার্ক জে-স্যাং সবার কাছে পরিচিতি পেয়েছেন ‘সাই’ নামে। সম্প্রতি তাঁর ‘গ্যাংনাম স্টাইল’ মিউজিক ভিডিওটি ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছে। জুলাই মাসে ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত এটি ৮০ কোটির বেশিবার দেখা হয়েছে। ইউটিউবে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়ার রেকর্ডও এই গানের। ‘লাইক’ পাওয়ার ক্ষেত্রে জাস্টিন বিবারের ‘বেবি’কে ছাড়িয়ে গেছে ‘গ্যাংনাম স্টাইল’।